Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

আইসিজের রায়কে সমর্থন মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের

আইসিজের রায়কে সমর্থন মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের

অনলাইন ডেস্ক: ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো দমন-পীড়নের ঘটনায় মিয়ানমার রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আইসিজের এই রায়কে শ্রদ্ধা জানিয়েছে মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার (এনইউজি)।

আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগ থেকে রায় ঘোষণা করেন। প্রতিক্রিয়ায় এনইউজি বলেছে, রায়টি রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মিয়ানমারে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত।

এনইউজি বলেছে, রোহিঙ্গাদের দুর্ভোগ বিশ্বের সর্বোচ্চ আদালতের সামনে উঠে আসায় গণহত্যা প্রতিরোধ, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব আবারও স্পষ্ট হয়েছে। ২০২১ সালে সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব শুরুর পর থেকে আইনশাসন, মানবাধিকার, ন্যায়বিচার এবং গণহত্যা প্রতিরোধে নিজেদের অঙ্গীকারের কথাও জানিয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচারের পাশাপাশি মিয়ানমারজুড়ে বেসামরিক নাগরিকদের ওপর সামরিক জান্তার চলমান সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ জরুরি। রাখাইন, চিন, কাচিন, কারেনি, কারিন, শান, সাগাইং, মাগওয়ে ও অন্যান্য অঞ্চলে মানুষ বিমান হামলা, হত্যাকাণ্ড, নির্বিচারে আটক, নির্যাতন এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন বলে দাবি করেছে এনইউজি।

হাসপাতাল, স্কুল, মঠ ও গির্জায় হামলার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সহিংসতা ও দায়মুক্তির অবসান ঘটিয়ে নৃশংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে এনইউজি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জবাবদিহিতা জোরদার, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং জান্তার যুদ্ধ পরিচালনার সক্ষমতা টিকিয়ে রাখা অস্ত্র, জ্বালানি তেল ও আর্থিক সম্পদের প্রবাহ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এনইউজি বলেছে, রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য শান্তি, নিরাপত্তা এবং মৌলিক অধিকারের পূর্ণ সুরক্ষা প্রয়োজন। তারা সামরিক স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ফেডারেল গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, আইসিজের রায় ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এটিই শেষ নয়। দীর্ঘস্থায়ী শান্তির জন্য জবাবদিহিতা, সব সম্প্রদায়ের সুরক্ষা এবং নিপীড়ন ও দায়মুক্তির সুযোগ তৈরি করা কাঠামোর বিলোপ প্রয়োজন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram