অনলাইন ডেস্ক: তিন দফায় ফিফার সভাপতি হিসেবে নির্বাচিত জিয়ান্নি ইনফান্তিনো চতুর্থ মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তার বিপক্ষে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন ফরাসি ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ দিয়ালো। দিয়ালোকে জার্মানিসহ কয়েকটি দেশ সমর্থন জানিয়েছে।
দিয়ালোর সঙ্গে বৈঠকের পর জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বার্ন্ড নয়েনডর্ফ বলেন, দিয়ালো ফুটবলের প্রতি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করেন এবং আসন্ন বছরগুলোয় খেলাটির চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
নয়েনডর্ফ দিয়ালোর আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা ও ইউরোপীয় ফুটবল অঙ্গনে তার গ্রহণযোগ্যতার কথাও উল্লেখ করেন। তার মতে, দায়িত্ব পালনে দিয়ালোর দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ বর্তমান ফিফা সভাপতির অবস্থানের চেয়ে আলাদা।
ফুটবলের সর্বোচ্চ সংস্থার নেতৃত্বে পরিবর্তন চায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সংস্থাটিও দিয়ালোকে সমর্থন জানিয়েছে। নেদারল্যান্ডসের ফুটবল অ্যাসোসিয়েশনও তার পাশে থাকার কথা জানিয়েছে। ইউরোপের আরও ফুটবল সংস্থা তাকে সমর্থন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার স্বত্ব নিয়ে নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার উদ্যোগ নিয়ে আগে সমালোচনার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। উদ্যোগটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এরপর তাকে নিয়ে ফুটবলবিশ্বে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং একাধিকবার পদত্যাগের দাবিও উঠেছে। তবে ইনফান্তিনো দাবি করে আসছেন, বিশ্বজুড়ে সদস্য অ্যাসোসিয়েশনগুলোর কাছ থেকে তিনি ব্যাপক সমর্থন পাচ্ছেন।
ফিফা সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা রয়েছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা এবং সুইজারল্যান্ডের সাবেক ডিফেন্ডার র্যামন ভেগারও।

