অনলাইন ডেস্ক: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাইকিং করে তাদের সড়কের পাশ থেকে সরিয়ে দেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা সকালে কারখানায় যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। এর পর বাঘের বাজার এলাকার পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়কের পাশে অবস্থান নেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাইকিং করলে একপর্যায়ে শ্রমিকরা সড়কের পাশ থেকে সরে যান।
এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে জেলার ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ভোগড়া, কোনাবাড়ী, বাংলাবাজারসহ বিভিন্ন এলাকার বেশিরভাগ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, কোথাও সড়ক অবরোধ নেই। বাঘের বাজারে সামান্য সমস্যা হয়েছিল, তা সমাধান হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং অনেক শিল্পকারখানায় কার্যক্রম চালু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

