অনলাইন ডেস্ক: খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা সাজেকগামী পর্যটক পরিবহনের দুই পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াপুরের মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ পার্কিং করে রাখা হতো। গাড়িগুলো সাজেক সড়কে পর্যটক পরিবহনে ব্যবহৃত হয়। বুধবার রাতে যথারীতি গাড়িগুলো সেখানে রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা এর মধ্যে দুটি পিকআপে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাড়িচালক রিটেন ত্রিপুরা জানান, রাতে বাড়ির পাশেই গাড়িগুলো রাখা হয়েছিল। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ততক্ষণে দুটি গাড়ির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে যায়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, খবর পাওয়ার পর দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

