Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

এআই ব্যবহারে পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ মাইক্রোসফটের

এআই ব্যবহারে পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ মাইক্রোসফটের

অনলাইন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে কাজের ধরন বদলে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে কর্মীদের খাপ খাইয়ে নিতে ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা বলেছেন, কর্মীদের ওপর জোর করে ছাঁটাই চাপিয়ে না দিয়ে নিজেদের ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ দিতেই এ উদ্যোগ।

গত অক্টোবরে কর্মীদের জন্য বাইআউট বা স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেয় মাইক্রোসফট। বুধবার ডিলবুক সামিটে সাংবাদিক অ্যান্ড্রু রস সরকিনের সঙ্গে আলোচনায় সিদ্ধান্তটির কারণ ব্যাখ্যা করেন সত্য নাদেলা।

নাদেলার বক্তব্য অনুযায়ী, এআই কর্মীদের জায়গা দখল করবে বা বিশেষ করে সফটওয়্যার প্রকৌশলীদের চাকরি কেড়ে নেবে—এমন ধারণা থেকে উদ্যোগটি নেওয়া হয়নি। বরং মাইক্রোসফট এমন একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে চায়, যেখানে কর্মীরা এআই ব্যবহার করবেন এবং এআই পরিচালনা ও ব্যবস্থাপনায় বেশি মনোযোগ দেবেন।

সফটওয়্যার প্রকৌশল খাতের উদাহরণ দিয়ে নাদেলা বলেন, এআই দিয়ে সফটওয়্যার তৈরি সম্ভব নয়—একসময় এমন ধারণা ছিল। পরে আশঙ্কা তৈরি হয়, এআই সব সফটওয়্যার তৈরি করতে পারলে প্রকৌশলীদের প্রয়োজন থাকবে না। তবে এখন সফটওয়্যার প্রকৌশলের সম্ভাবনা আরও বাড়ছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে কাজের ধরন, দলের কাঠামো এবং দায়িত্ব পালনের পদ্ধতিতে পরিবর্তন আসছে।

তিনি বলেন, এই পুনর্গঠন অনেকের জন্য কঠিন হতে পারে, তবে পরিবর্তনটি বাস্তবায়ন করতে হবে। মাইক্রোসফট ৩৬৫ অ্যাপের এআই এজেন্ট কোওয়ার্ক তৈরির দলের উদাহরণ দিয়ে নাদেলা জানান, দলটিতে ১১ জন ডেভেলপার রয়েছেন। তারা সরাসরি পণ্য তৈরি না করে এআই দিয়ে পণ্য তৈরির প্রক্রিয়া বা সফটওয়্যার ফ্যাক্টরি তৈরি করেছেন।

নাদেলার ধারণা, ভবিষ্যতে বিভিন্ন পেশার মানুষ সরাসরি কাজ করার পরিবর্তে এআই এজেন্ট পরিচালনা ও তাদের কাজের নির্দেশনা দেওয়ার দায়িত্ব পালন করবেন। মাইক্রোসফট শুরু থেকেই এআইকেন্দ্রিক প্রতিষ্ঠান না হওয়ায় পুরোনো প্রতিষ্ঠানকে নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে বলেও তিনি জানান। কাজের ধরন, কর্মপ্রবাহ ও উৎপাদিত ফলাফল বদলাতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে বলে উল্লেখ করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram