Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বিবিসির নতুন সিরিজে মুখ্য চরিত্রে আলি ফজল

বিবিসির নতুন সিরিজে মুখ্য চরিত্রে আলি ফজল

অনলাইন ডেস্ক: বিশ্বসাহিত্যের আলোচিত উপন্যাসের চরিত্র হয়ে এবার আন্তর্জাতিক পর্দায় হাজির হচ্ছেন বলিউড অভিনেতা আলি ফজল। ই এম ফস্টারের বিখ্যাত উপন্যাস ‘এ প্যাসেজ টু ইন্ডিয়া’ অবলম্বনে নির্মিতব্য নতুন সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। বিবিসি ও কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (সিবিসি) জন্য নির্মিত পাঁচ পর্বের এই সিরিজ আলি ফজলের আন্তর্জাতিক ক্যারিয়ারে যোগ করতে যাচ্ছে নতুন মাত্রা।

সিরিজটি পরিচালনা ও চিত্রনাট্য রচনা করছেন এমি পুরস্কারজয়ী নির্মাতা রিচি মেহতা। এর শুটিং হবে ভারতে। ভারতীয় ও আন্তর্জাতিক অভিনয়শিল্পীদের সমন্বয়ে সাজানো হচ্ছে সিরিজটির কলাকুশলী দল। এতে ডক্টর আজিজের চরিত্রে দেখা যাবে আলি ফজলকে।

১৯২০-এর দশকের ঔপনিবেশিক ভারতের পটভূমিতে নির্মিত গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন ভারতীয় চিকিৎসক। সাংস্কৃতিক ব্যবধান পেরিয়ে মানুষের মধ্যে বন্ধুত্ব ও আন্তরিক সম্পর্ক গড়ে ওঠা সম্ভব বলে বিশ্বাস করেন তিনি। তবে একটি বিতর্কিত ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় আইনি লড়াই।

এই ঘটনাপ্রবাহে ঔপনিবেশিক সমাজের জাতিগত বিদ্বেষ, ক্ষমতার প্রভাব ও বৈষম্যের নানা দিক প্রকাশ পেতে থাকে। ধীরে ধীরে সংঘাতের সঙ্গে জড়িয়ে পড়ে একাধিক মানুষের জীবন।

আন্তর্জাতিক প্রযোজনায় কাজ করার অভিজ্ঞতা আলি ফজলের জন্য নতুন নয়। এর আগে ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘মির্জাপুর’ সিরিজের মাধ্যমেও উপমহাদেশের দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন এই অভিনেতা।

এবার ই এম ফস্টারের উপন্যাসের পর্দার রূপান্তরে প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে নিজের অবস্থান আরও বিস্তৃত করার সুযোগ পাচ্ছেন আলি ফজল।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram