Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে সেই দম্পতি কারাগারে, পুলিশের গাড়ি ভাঙচুরে জিডি

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে সেই দম্পতি কারাগারে, পুলিশের গাড়ি ভাঙচুরে জিডি

অনলাইন ডেস্ক: ফেনীতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে আটক আনোয়ার হোসেন পারভেজ (৩২) ও তার স্ত্রী মাহিন ইসতিয়াজ জাহান তিথিকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করেছে পুলিশ। ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসরাফিল বাদী হয়ে মামলাটি করেন। তাদের থানায় নেওয়ার পথে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ফেনী শহরের গার্ডেন সিটির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্য, পারভেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লিহন প্রাইম’ নামে একটি আইডি থেকে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কটূক্তি করে ধারাবাহিক পোস্ট করেন। এ নিয়ে কয়েকদিন ধরে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ছিল বলে তারা জানান। মঙ্গলবার রাতে উত্তেজিত লোকজন গার্ডেন সিটির নিচে জড়ো হলে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে গার্ডেন সিটির ১৬ তলার একটি ফ্ল্যাট থেকে পারভেজ ও তার স্ত্রীকে আটক করা হয়।

পুলিশের গাড়িতে তোলার সময় পারভেজকে মারধর করা হয় বলে জানা গেছে। এ সময় গাড়িতে থাকা পারভেজকে লক্ষ্য করে ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করা হয়। এতে গাড়ির সামনের অংশের কাচ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হন।

পারভেজ ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ইমান আলী সওদাগর বাড়ির কামাল উদ্দিনের ছেলে। তার স্ত্রী তিথি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া এলাকার নাছির উদ্দিনের মেয়ে।

ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল বলেন, তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে। পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় জিডি করা হয়েছে বলেও জানান তিনি।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ম অবমাননাসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগও আনা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram