অনলাইন ডেস্ক: জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন শেষে এখনও ১৪ রানে এগিয়ে আছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারিয়ে তুলেছে ৩৮৬ রান। দিনের খেলা শেষে ফিফটি হাঁকানো রায়ান রিকেলটন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অন্তত ১০০ রানের লিড নিতে চায় প্রোটিয়ারা।
রিকেলটনের মতে, নতুন ব্যাটারকে নতুন বল মোকাবিলা করতে হওয়ায় পরিস্থিতি কিছুটা দুর্ভাগ্যজনক ছিল। আরও ১০ ওভার ব্যাট করতে পারলে ভালো হতো বলেও মনে করেন তিনি। বল পুরোনো হলে রান করা সহজ হতে পারত বলে জানান এই ব্যাটার।
টেম্বা বাভুমার বিষয়ে নিশ্চিত নন জানিয়ে রিকেলটন আশা প্রকাশ করেন, এই ইনিংসে বাভুমা আবার ব্যাট করবেন।
দক্ষিণ আফ্রিকা শুরুতে লিড নিয়ে সেটি আরও বড় করতে চায় বলে জানান রিকেলটন। প্রয়োজনে আরও দুই সেশন ব্যাট করতেও তাদের আপত্তি নেই। তার মতে, ১০০ রানের লিড নিতে পারলে বল কিছুটা অসমভাবে ও থেমে থেমে আসতে পারে, যা বাংলাদেশের ওপর চাপ তৈরি করবে।
চতুর্থ দিনের উইকেটে অসম বাউন্স থাকার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ ব্যাটিংয়ের সময় কিছু শট খেলতে গেলে দক্ষিণ আফ্রিকার বোলারদের জন্য সুযোগ তৈরি হবে বলে মনে করছেন রিকেলটন।

