অনলাইন ডেস্ক: নতুন প্রজন্মের বুদ্ধিমত্তা ও বিশ্বসংস্কৃতি সম্পর্কে জানাশোনায় মুগ্ধ বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। বিশেষ করে নিজের মেয়ে শোরাকে কাছ থেকে দেখার পর জেন-জি সম্পর্কে তার ধারণা বদলেছে। তার মতে, বর্তমান প্রজন্ম অনেক বেশি স্মার্ট এবং তাদের অভিজ্ঞতার পরিধিও বিস্তৃত।
এক সাক্ষাৎকারে নওয়াজুদ্দিন বলেন, ১৫ থেকে ১৮ বছর বয়সী তরুণ-তরুণীরা খুবই বুদ্ধিমান। বিশ্বের সঙ্গে তাদের এমন পরিচয় রয়েছে, যা আগের প্রজন্মের ছিল না। তার ভাষ্য, বর্তমান তরুণেরা বড়দের সরাসরি প্রশ্ন করে এবং নিজেদের মত প্রকাশে বেশি স্বচ্ছন্দ।
অভিনেতার মতে, নতুন প্রজন্ম সারা বিশ্বের সিনেমা দেখেছে। ফলে তারা এমন অনেক কিছু সম্পর্কে জানে, যা হয়তো বড়রা দেখেননি বা জানেন না। এ কারণে তাদের হালকাভাবে নেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
নিজের মেয়ে শোরার প্রসঙ্গে নওয়াজুদ্দিন বলেন, মেয়ের দিকে গভীরভাবে তাকানোর পর তিনি বুঝতে পারেন, অভিনয়সহ বিভিন্ন বিষয়ে সে অনেক কিছু জানে। তার দাবি, মাত্র তিন-চার বছরের মধ্যে শোরা তার চেয়েও বিশ্বের বেশি সিনেমা দেখে ফেলেছে।
নওয়াজুদ্দিনকে সর্বশেষ ‘রাত আকেলি হ্যায়: দ্য বনসাল মার্ডারস’ সিনেমায় দেখা গেছে। আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দান্নার সঙ্গে তিনি অভিনয় করেছেন ‘থাম্মা’তে। সামনে তাকে ‘সেকশন ১০৮’, ‘তুম্বাড ২’ ও ‘সঙ্গিন’ সিনেমায় দেখা যাবে।
অন্যদিকে, বাবার সঙ্গে ‘নাকাব’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মঞ্চে অভিষেক হয়েছে শোরার। নাটকটি যুক্তরাষ্ট্রের নয়টি শহরে পরিবেশন করেছেন তারা।

