অনলাইন ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্যারিয়ারের সেরা সময় পার করার মুহূর্তেও আত্মহত্যার কথা ভেবেছিলেন ওয়েইন রুনি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি যখন সাফল্যের শিখরে, ঠিক সে সময়টাতে মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি।
ইংল্যান্ডের সাবেক এই ফরোয়ার্ড জানান, বিয়ে এবং বড় ছেলে কাইয়ের বাবা হওয়ার পরও তার মানসিক স্বাস্থ্য ভালো ছিল না। ২০০৮ সালে কোলিনকে বিয়ে করেন রুনি। পরের বছর তাদের প্রথম সন্তান জন্ম নেয়। সেই সময়ে স্যার অ্যালেক্স ফার্গুসনের শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেড দলে খেলতেন তিনি। দলটি একাধিক প্রিমিয়ার লিগ শিরোপার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিল।
রুনি জানান, বাড়িতে টানা দুই দিন পর্যন্ত মদ্যপান করেছেন তিনি। ‘লাইফ অ্যাট দ্য মিডপয়েন্ট উইথ গ্যাবি লোগান’ পডকাস্টে সাবেক এই স্ট্রাইকার বলেন, জীবনের সবচেয়ে কঠিন সময়ে আত্মহত্যার কথাও ভেবেছিলেন।
রুনির ভাষ্য, ওই সময় তিনি কারও সঙ্গে থাকতে বা রাস্তায় মানুষের মুখোমুখি হতে চাইতেন না। দোকানে যাওয়ারও ইচ্ছা করত না। ফুটবল মাঠে স্বাচ্ছন্দ্য বোধ করলেও মাঠের বাইরের বিষয়গুলো সামলানো তার জন্য খুব কঠিন ছিল।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৫৩ গোল করা রুনি বলেন, ক্লাবটির হয়ে ক্যারিয়ারের সেরা সময়েই এসব সমস্যার মুখোমুখি হয়েছিলেন তিনি। নিজের দুর্বলতা প্রকাশ করতে না চাওয়ায় সমস্যাগুলো আড়াল করার চেষ্টা করতেন বলেও জানান। মানসিক অবস্থার কারণ বুঝতে তিনি একজন থেরাপিস্টের সঙ্গে কথা বলছিলেন।
রুনি আরও জানান, বিয়ে ও সন্তানের জন্মের পরের সময়টি সুখের হওয়ার কথা থাকলেও তার জন্য তা ছিল না। কঠিন সময় কাটিয়ে উঠতে স্ত্রী কোলিনের সহায়তার কথাও স্বীকার করেন তিনি। রুনির দাবি, পরিস্থিতি খারাপ হলেও কোলিন তার পাশে ছিলেন।
২০১৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর এভারটন, ডিসি ইউনাইটেড ও ডার্বি কাউন্টিতে খেলেছেন রুনি। পরে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। সর্বশেষ প্লাইমাউথের দায়িত্বে ছিলেন এই সাবেক ইংলিশ তারকা। ২০২৪ সালের ডিসেম্বরে ক্লাবটি ছাড়েন তিনি।

