অনলাইন ডেস্ক: বরিশালের গৌরনদীতে একটি ভ্যানচালকের বাড়িতে লুকিয়ে রাখা ৮টি আগ্নেয়াস্ত্র ও ২ হাজার ৭৬১ রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে জেলার গৌরনদী থানার বাটাজোর এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি বিদেশি পিস্তল, ৩টি রিভলভার ও ১টি এয়ারগান। এ ছাড়া ৩৩টি পিস্তলের ম্যাগাজিন, ২ হাজার ২৮২ রাউন্ড পিস্তল ও রিভলভারের কার্তুজ, ৩১২ রাউন্ড শটগানের কার্তুজ এবং ১৬৭ রাউন্ড এয়ারগানের কার্তুজ পাওয়া যায়।
অভিযানে ১টি ম্যাগাজিন আনলোডার, ৩টি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের ৭টি ক্ষুদ্র ভাঙা অংশ, ৩টি মোবাইল ফোন ও আলামত রাখার ১০টি ব্যাগও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহে আলম (৫০), বি.এম. আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)। তাঁরা সবাই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।
এসআরবি-৮, বরিশালের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১৮ নভেম্বর) এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বাড়িতে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, উদ্ধার করা আলামত ও গ্রেপ্তার ব্যক্তিদের গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শাহী ৯৯ পার্ক থেকে ভ্যানচালকের বাড়িতে
এসআরবি-৮-এর প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা নজরদারিতে জানা গেছে, জর্দা শামিম গ্রেপ্তারের পর তাঁর কাছে থাকা অস্ত্র ও গোলাবারুদ গৌরনদীতে তাঁর মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ নেওয়া হয়। পরে তাঁর ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় সেগুলো সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করা হয় বলে জানিয়েছে এসআরবি।
প্রাথমিকভাবে জানা গেছে, ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তাঁর বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল। উদ্ধার করা অস্ত্রের উৎস, ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং এগুলো কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
জর্দা শামিমের বিরুদ্ধে অবৈধ অস্ত্রের মাধ্যমে প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে বলে স্থানীয় তথ্য ও গণমাধ্যম সূত্রে জানা গেছে। তাঁর বিরুদ্ধে ঢাকার উত্তরা পূর্ব ও রামপুরা থানা এবং ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সহযোগীদের জিজ্ঞাসাবাদে চক্রের অন্য সদস্যদের বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে। অবৈধ অস্ত্রের বিস্তার রোধ ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

