Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সরকারি গাছ কাটার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

সরকারি গাছ কাটার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেস্ক: ভোলার লালমোহনে অনুমতি ছাড়াই রাস্তার পাশের সরকারি ৪ শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তাকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে ভোলা জেলা যুবদল। এ ঘটনায় বিভাগীয় বন কর্মকর্তাসহ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে জেলা যুবদলের সভাপতি মো. জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের সেলিমের যৌথ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করা এবং দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ জসিম উদ্দিনকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার কোনো ধরনের অপকর্মের দায় যুবদল নেবে না বলেও জানানো হয়। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটিতে বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলালকে আহ্বায়ক, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষকে সদস্য সচিব এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হককে সদস্য করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ

স্থানীয়দের অভিযোগ, গত এক সপ্তাহে কর্তারহাট বাজার থেকে পূর্ব দিকে রায়চাঁদ বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের পাশের সরকারি গাছ কেটে নেওয়া হয়েছে। গাছগুলোর মধ্যে মেহগনি, রেইনট্রি ও চাম্বল রয়েছে। তাদের দাবি, কর্তৃপক্ষের অনুমতি বা টেন্ডার ছাড়াই এসব গাছ কাটা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, অক্টোবরের শুরুর দিকে রাস্তা সংস্কারের কথা বলে প্রথমে ১০-১৫টি গাছ কাটা হয়। পরে গত সপ্তাহে এক্সকাভেটর দিয়ে দিন-রাতে প্রায় ৪০০ গাছ কাটা হয়। কাটা গাছগুলো রায়চাঁদ বাজারে রমাগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি মো. শাহাবুদ্দিনের করাতকল ও আশপাশে রাখা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, উপজেলা প্রশাসন ও বন বিভাগের সামনে এসব কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় অনেকে মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও তারা দাবি করেন।

আলোচনা-সমালোচনার মধ্যে গত বুধবার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এলজিইডির প্রকৌশলী ও বন বিভাগের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে গাছ কাটা এবং করাতকলে গাছ স্তূপ করে রাখার প্রমাণ পাওয়া গেছে বলে জানা যায়।

অভিযুক্তের বক্তব্য

তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন মো. জসিম উদ্দিন। সম্প্রতি লালমোহন প্রেসক্লাবে সাংবাদিকদের তিনি বলেন, গাছগুলো কে বা কারা কেটেছে, তা তিনি জানেন না। রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ায় রাজনৈতিক প্রতিপক্ষরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

লালমোহন উপজেলা প্রকৌশলী মাহিদুল ইসলাম বলেন, রাস্তা সংস্কারের জন্য টেন্ডার দেওয়া হলেও রাস্তার পাশের গাছ কাটার কোনো অনুমতি বা টেন্ডার দেওয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদিক বলেন, অভিযোগ পেয়ে সরেজমিন পরিদর্শনে অনুমতি ছাড়া গাছ কাটার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় জেলায় অভিযোগপত্র পাঠানো হয়েছে, থানায় জানানো হয়েছে এবং পুলিশ তদন্ত করছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram