অনলাইন ডেস্ক: কুয়েতের আল-মুতলা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় ২৪ ঘণ্টারও মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরমান হোসেন নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) সকালে আল-মুতলা এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদে নিরাপত্তাকর্মীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তদন্তে ওই ভবনের সাবেক এক নিরাপত্তাকর্মীর ওপর পুলিশের সন্দেহ হয়। ঘটনার এক দিন আগে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল বলে জানা যায়।
পুলিশের ভাষ্য, ভিসার মেয়াদ শেষ হওয়া এবং আবাসন আইন লঙ্ঘনের কারণে গ্রেপ্তার এড়াতে ওই বাংলাদেশি নিজেই কুয়েতের শার্ক থানায় আত্মসমর্পণ করেন। পরে তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, গ্রেপ্তার আরমান হোসেনের বাড়ি মুন্সীগঞ্জে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, চাকরিতে তার স্থলাভিষিক্ত হওয়া ব্যক্তির সঙ্গে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে। তার স্বীকারোক্তি অনুযায়ী, কাঠের টুকরা ও ছুরি দিয়ে হামলা চালিয়ে ওই নিরাপত্তাকর্মীকে হত্যা করা হয়।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আরমান হোসেনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

