অনলাইন ডেস্ক: বড় পর্দায় মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। এবার পুরস্কারের মঞ্চেও দেখা গেল ভারতীয় এই সিনেমার দাপট। দেশটিতে আয়োজিত ২৬তম আন্তর্জাতিক ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইআইএফএ) অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ১২টি পুরস্কার জিতেছে সিনেমাটি। সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং, আর সেরা পরিচালকের পুরস্কার উঠেছে আদিত্য ধরের হাতে।
সম্প্রতি আইআইএফএর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। অভিনয়, পরিচালনা, চিত্রনাট্য ও কারিগরি বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়ে এবারের আসরে সবচেয়ে সফল সিনেমা হয়েছে ‘ধুরন্ধর’.
সেরা পরিচালক ছাড়াও মৌলিক গল্প, চিত্রনাট্য ও সংলাপের পুরস্কার পেয়েছেন আদিত্য ধর। সিনেমাটির জন্য সংগীত পরিচালনা, চিত্রগ্রহণ, সম্পাদনা, শব্দ পরিকল্পনা এবং পার্শ্বচরিত্রে অভিনয়ের পুরস্কারও এসেছে। নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন অক্ষয় খান্না।
‘সাইয়ারা’র সাফল্য
মোহিত সুরির ‘সাইয়ারা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অনীত পাড্ডা। সিনেমাটি থেকে সেরা গীতিকার হয়েছেন ইরশাদ কামিল। সেরা পুরুষ প্লেব্যাক গায়ক হয়েছেন ফাহিম আবদুল্লাহ এবং নারী প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল। ‘সাইয়ারা’র নায়ক আহান পান্ডে পেয়েছেন সেরা নবাগত অভিনেতার পুরস্কার।
ডিজিটাল বিভাগে পুরস্কার
ডিজিটাল বিভাগে আরিয়ান খানের পরিচালনায় প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ সেরা সিরিজসহ একাধিক পুরস্কার পেয়েছে। সিরিজটির জন্য আরিয়ান খান সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন। এ ছাড়া পার্শ্বচরিত্রে অভিনয়ের পুরস্কার পেয়েছেন আনিয়া সিং ও রাঘব জুয়াল।
আইআইএফএ ২০২৬-এর তালিকায় আন্তর্জাতিক সিনেমা বিভাগে সেরা হয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। নবাগত অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন রাশা থাদানি।

