Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে আবেদন শুরু

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে আবেদন শুরু

অনলাইন ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন শুরু হচ্ছে আজ (১ নভেম্বর)। আগ্রহী পরীক্ষার্থীরা আগামী ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ থেকে শুরু করে উত্তরপত্র যাচাই ও নম্বর সংশোধনের পুরো প্রক্রিয়া শেষে আগামী ২৭ নভেম্বর ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এ কার্যক্রমের বিস্তারিত কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে।

সূচি অনুযায়ী, ১ থেকে ৭ নভেম্বর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আবেদন নেওয়া হবে। ৮ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে আবেদনসংক্রান্ত ডাটা সংগ্রহ করা হবে। ৯ নভেম্বর কম্পিউটার সেল থেকে উত্তরপত্রের তথ্য ও বিষয়ভিত্তিক তালিকা সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে।

৯ থেকে ১২ নভেম্বর পরীক্ষক নিয়োগ এবং প্রধান পরীক্ষকদের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহ করা হবে। ১৩ থেকে ১৯ নভেম্বর পরীক্ষকদের ব্রিফিং ও উত্তরপত্র পুনর্মূল্যায়নের কাজ চলবে। পরীক্ষকদের স্বাক্ষর করা বিবরণী ও উত্তরপত্র কম্পিউটার সেলে জমা দেওয়ার শেষ তারিখ ২০ নভেম্বর।

২১ থেকে ২৩ নভেম্বর পরিবর্তিত নম্বর এন্ট্রি ও উত্তরপত্রের লিথোকোড যাচাই করা হবে। ২৪ থেকে ২৬ নভেম্বর পরিবর্তিত উত্তরপত্রের চূড়ান্ত যাচাই শেষে ২৭ নভেম্বর পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের কথা রয়েছে।

সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

এইচএসসি ও সমমান পরীক্ষার সাপ্লিমেন্টারি বা মানোন্নয়ন পরীক্ষার বিষয়টিও কর্মপরিকল্পনায় রাখা হয়েছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ৩ থেকে ৮ নভেম্বর ফরম পূরণ এবং ১ থেকে ২০ নভেম্বর প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে। প্রস্তুতি শেষ হলে ২ ডিসেম্বর থেকে পরীক্ষা নেওয়া এবং ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

তবে সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বোর্ডের দায়িত্বশীল ব্যক্তিরা বলেছেন, বিদ্যমান বিধিমালায় এ ধরনের পরীক্ষা নেওয়ার সুযোগ না থাকায় বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনার ওপর নির্ভর করছে। মন্ত্রণালয়ের অনুমোদন ও সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

৩১ অক্টোবর প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram