Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ইরানে সম্ভাব্য হামলার আগে নেতানিয়াহুর সঙ্গে কথা বললেন ট্রাম্প

ইরানে সম্ভাব্য হামলার আগে নেতানিয়াহুর সঙ্গে কথা বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: ইরানে নতুন করে সম্ভাব্য হামলা চালানোর প্রস্তুতির মধ্যে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুযায়ী, নতুন সামরিক অভিযান শুরুর বিষয়ে ট্রাম্প তার জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পরপরই নেতানিয়াহুর সঙ্গে তার ফোনালাপ হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কি না, তা নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগে অস্পষ্টতা রয়েছে। সংবাদমাধ্যমটির দাবি, যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনায় ফেরার জন্য আরও একটি সুযোগ দিতে চায়।

তবে ইসরায়েলি সেনা কমান্ডারদের মতে, অর্থনৈতিক মন্দার মধ্যে থাকলেও ইরান এমন কোনো চুক্তিতে সম্মত হবে না, যাতে তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে হয়। একই সঙ্গে দেশটির ব্যালিস্টিক মিসাইল উৎপাদন বন্ধের শর্তও দেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি কমান্ডারদের ধারণা, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছে, যাতে নির্বাচনে যুদ্ধের প্রভাব পড়ে। তাদের আরও দাবি, নির্বাচনের আগে ইরানে নতুন হামলার সম্ভাবনা নেই। তবে ইরান আকস্মিক হামলা চালাতে পারে—এমন আশঙ্কা তৈরি হলে নির্বাচনের আগেই হামলা হতে পারে।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দেশটির আইনসভা কংগ্রেসের সব আসন এবং সিনেটের এক-তৃতীয়াংশ আসনে ভোট হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram