Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

রংপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি

রংপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি

অনলাইন ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধ ও নগর পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুর সিটি করপোরেশনের আয়োজনে ‘সাইকেল র‍্যালি’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে রংপুর জিলা স্কুল মোড়ে এই র‍্যালির উদ্বোধন করা হয়।

র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও সচেতন নাগরিকেরা সাইকেল নিয়ে অংশ নেন। জিলা স্কুল মোড় থেকে শুরু হয়ে র‍্যালিটি সিটি বাজার মোড়, পায়রা চত্বর ও প্রেসক্লাব চত্বর ঘুরে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়।

উদ্বোধনের আগে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। তাঁর মতে, সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ পুরোপুরি সম্ভব নয়।

তিনি জানান, সরকারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিটি করপোরেশন পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও স্প্রেকরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপরও তিনি গুরুত্ব দেন।

র‍্যালি থেকে ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধিতে তরুণ, সামাজিক সংগঠন, স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

র‍্যালিতে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রুবেল রানা, নগর পরিকল্পনাবিদ মো. নজরুল ইসলাম, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নসহ সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তর ও নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস) প্রকল্পের কর্মকর্তারা অংশ নেন।

অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা নিয়ে বিভিন্ন বার্তা তুলে ধরে স্লোগান দেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram