অনলাইন ডেস্ক: পাবনায় বজ্রপাতে নিহত ছয় শিশু ও কিশোরের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মালঞ্চি ইউনিয়নের মহাদেবপুর গোরস্থান মাঠে নিহতদের একসঙ্গে জানাজা শেষে দাফন করা হয়।
এর আগে শুক্রবার বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলের মধ্যে বজ্রপাতে তারা নিহত হন।
নিহতরা হলেন—মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাহজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে অনেকে ওই বিলে মাছ ধরতে যান। বিকেলে বৃষ্টির মধ্যে আটজন বিলের একটি টং ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং দুজন গুরুতর আহত হন।
সন্ধ্যার দিকে আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা জানিয়েছেন, নিহতদের জানাজা সম্পন্ন হয়েছে। নিহতদের প্রত্যেক পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। সরকারের ঘোষিত বজ্রপাতে নিহত ও আহতদের আর্থিক সহায়তা নীতিমালার আওতায় নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

