অনলাইন ডেস্ক: হংকংয়ে সিক্স-এ সাইড টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে জয়ের বড় সুযোগ পেলেও ১ উইকেটে হারতে হয়েছে বাংলাদেশকে। তৃতীয় ম্যাচে আজ (শনিবার) দক্ষিণ আফ্রিকার ওপর যেন কিছুটা শোধ তুলল বাংলাদেশ। হংকং সিক্সেসের বোল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারেই ৬ ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশ।
শুরু থেকেই ব্যাট হাতে আক্রমণাত্মক ছিলেন হাবিবুর রহমান সোহান। তবে সাব্বির রহমান ৬ বলে ৭ রান করে দলীয় ৫২ রানে বিদায় নেন। সোহান ১৩ বলে অর্ধশতক করে ৫৪ রানে থামেন।
ব্ল্যাক সিম্পসনের করা চতুর্থ ওভারে সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী মিলে ৬ ছক্কা মারেন। ওভারের প্রথম দুই বল খেলে অর্ধশতক পূর্ণ করেন সোহান। এরপর বাকি চার বলে ছক্কা হাঁকান মৃত্যুঞ্জয়। পরের ওভারের প্রথম বলেও ছক্কা মারেন অধিনায়ক আবু হায়দার রনি। ফলে টানা সাত বলে বাংলাদেশের কাছে ছক্কা হজম করে দক্ষিণ আফ্রিকা।
শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২৯ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। মৃত্যুঞ্জয় ৬ বলে ২৬ রান করে আউট হলে আবারও ক্রিজে ফেরেন সোহান। অন্য প্রান্তে অধিনায়ক রনি ১০ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন।

