অনলাইন ডেস্ক: বলিউডের অপরাধনির্ভর সিনেমার জন্য পরিচিত নির্মাতাদের একজন সঞ্জয় গুপ্ত। ‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ও ‘কাবিল’-এর মতো ক্রাইম-থ্রিলার নির্মাণ করে দর্শকের কাছে আলাদা পরিচিতি পাওয়া এই নির্মাতা দীর্ঘ কয়েক দশকের চলচ্চিত্রজীবনের ইতি টেনে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (৩০ অক্টোবর) ৫৭ বছর বয়সে তার মৃত্যু হয়। চলচ্চিত্রবিষয়ক সাময়িকী ফিল্ম ইনফরমেশন প্রথম তার মৃত্যুর খবর প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, ওই দিন দুপুর আড়াইটার দিকে নিজের রান্নাঘরে পড়ে মাথায় আঘাত পান সঞ্জয়। সে সময় বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে উপস্থিত ছিলেন। তবে প্রথমদিকে কেউ বুঝতে পারেননি কী ঘটেছিল। কী পরিস্থিতিতে তিনি পড়ে গিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
সঞ্জয় দত্তের সঙ্গে পরিচিত জুটি
অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে সঞ্জয় গুপ্তের জুটি বলিউডে পরিচিত ছিল। তারা একসঙ্গে ‘কাঁটে’ (২০০২), ‘মুসাফির’ (২০০৪), ‘জিন্দা’ (২০০৬) ও ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ (২০০৭) সিনেমায় কাজ করেন।
১৯৯১ সালে মুম্বাইয়ের লোখান্ডওয়ালা কমপ্লেক্সে পুলিশের সঙ্গে সংঘটিত বন্দুকযুদ্ধের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’। বাস্তব ঘটনা অবলম্বনে অপরাধনির্ভর সিনেমা নির্মাণে তার আগ্রহের আরেকটি উদাহরণ ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ (২০১৩)।
সঞ্জয় গুপ্ত পরিচালিত উল্লেখযোগ্য অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘জাজবা’ (২০১৫), হৃতিক রোশন ও ইয়ামি গৌতম অভিনীত ‘কাবিল’ (২০১৭), ‘দস কাহানিয়া’ (২০০৭), ‘অ্যাসিড ফ্যাক্টরি’ (২০০৯) এবং জন আব্রাহাম ও ইমরান হাশমি অভিনীত ‘মুম্বাই সাগা’ (২০২১)।

