Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

তালাবদ্ধ-বিদ্যুৎহীন লালমনিরহাটের ‘শান্তি নিবাস’, ঠাঁই মেলেনি প্রবীণ নারীদের

তালাবদ্ধ-বিদ্যুৎহীন লালমনিরহাটের ‘শান্তি নিবাস’, ঠাঁই মেলেনি প্রবীণ নারীদের

অনলাইন ডেস্ক: জীবনের শেষ বেলায় অসহায়, অবহেলিত ও আশ্রয়হীন প্রবীণ নারীদের নিরাপদ ঠিকানা হওয়ার কথা ছিল লালমনিরহাটের শান্তি নিবাস। ৬০ বছরের বেশি বয়সের ২৫ জন নারীর বাসস্থান, চিকিৎসা ও নিশ্চিত জীবনের প্রত্যাশা নিয়ে ৮ কোটি টাকারও বেশি ব্যায়ে নির্মিত হয়েছিল এই শান্তি নিবাস। কিন্তু এখনো তালাবদ্ধ ও বিদ্যুৎহীন অবস্থায় পড়ে রয়েছে। যেন স্বপ্নের আশ্রয় হয়েছে নিঃসঙ্গ এই ভবনে।

কেন্দ্রটি হস্তান্তরের প্রায় তিন বছর পার হলেও কোনো প্রবীণ নারীর জন্য এর দরজা খোলেনি। জনবল সংকটের কারণে ভবনটি চালু হয়নি। এর মধ্যে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। অযত্নে নষ্ট হতে বসেছে কোটি টাকার সরঞ্জামও।

লালমনিরহাট সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মোসাম্মৎ হাওয়া খাতুন জানান, ভবনটি কবে চালু হবে তা তিনি বলতে পারেন না। আনুষ্ঠানিকভাবে দেখভালের দায়িত্ব তাদের না থাকলেও প্রতিষ্ঠানটির ভেতরে ভবনটি অবস্থিত হওয়ায় তিনি নিজ দায়িত্বে এর দেখাশোনা করেন। বিদ্যুৎ সংযোগ না থাকায় রাতে ভবনটি অন্ধকারে থাকে বলেও জানান তিনি।

নির্মাণ ও অবকাঠামো

লালমনিরহাটের বালাটারি এলাকায় সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে ২০২২ সালের ১৬ আগস্ট শান্তি নিবাসের নির্মাণকাজ শুরু হয়। প্রায় ৮ কোটি ১ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি ২০২৩ সালের ৩০ আগস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

৬০ বছরের বেশি বয়সী ২৫ জন নারীর জন্য ভবনটিতে রয়েছে ২৫টি শয়নকক্ষ, ডাইনিং, লিফট, জিমনেসিয়াম ও চিকিৎসা সরঞ্জাম। তবে চালু না হওয়ায় এসব সামগ্রী অব্যবহৃত পড়ে আছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজনের দাবি, প্রায় ৪ লাখ ৮১ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

স্থানীয় শিক্ষক মাহফুজ রহমান, সাংবাদিক খোরশেদ আলম সাগর এবং লালমনিরহাট ক্যাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন দ্রুত জনবল ও অবকাঠামোগত সমস্যা সমাধান করে শান্তি নিবাস চালুর দাবি জানিয়েছেন।

কর্তৃপক্ষের বক্তব্য

লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক বলেন, সমাজসেবা অধিদপ্তরের প্রকল্পের আওতায় সারা দেশে আটটি শান্তিনিবাস নির্মাণ করা হয়েছে। ২০২৩ সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর অবকাঠামো ও সরঞ্জামাদি বুঝে নেওয়া হলেও জনবলের পদ সৃষ্টি না হওয়ায় কার্যক্রম শুরু করা যায়নি।

তার ভাষ্য, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জনবল নিয়োগের অনুমোদন পাওয়া গেছে এবং প্রক্রিয়াটি শেষ পর্যায়ে রয়েছে। নিয়োগ সম্পন্ন হলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দ্রুত শান্তি নিবাস চালু করা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram