অনলাইন ডেস্ক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে মানুষ বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপি ক্ষমতায় থেকে গণভোটের রায় বা জুলাই সনদ বাস্তবায়ন না করলে মানুষ দলটিকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে। কোনো কারণে বিএনপিকে ক্ষমতা ছাড়তে হলে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য ব্যর্থ হওয়ার দায়ও দলটিকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এবি পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে। তিনি বলেন, গণভোটে ৪ কোটি মানুষ ভোট দিয়েছে এবং তাদের পক্ষে একটি মঞ্চ গঠনের পরিকল্পনা রয়েছে।
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির সমালোচনা করে মঞ্জু বলেন, দলটি এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলেছিল। তাঁর দাবি, সংসদে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, চার শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে।
আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা টেনে তিনি দুই দলের প্রতিশ্রুতি ও সাংগঠনিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। বিএনপির ৮ হাজার নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
লংমার্চের পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে মঞ্জু বলেন, বিএনপির বিভিন্ন কর্মসূচি তাদের মনে আছে এবং সেসব কর্মসূচিতেও যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির। এতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

