Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

গণভোটের রায় কার্যকর না করাই দেশের সংকটের মূল কারণ: মামুনুল হক

গণভোটের রায় কার্যকর না করাই দেশের সংকটের মূল কারণ: মামুনুল হক

অনলাইন ডেস্ক: বাংলাদেশের বর্তমান সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস ও চাঁদাবাজির মূল কারণ সংবিধান সংস্কার না করা এবং গণভোটের রায় কার্যকর না করা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে সংবিধান সংস্কার করে জুলাই বিপ্লবের ফসল ঘরে তোলা হবে। তাঁর দাবি, বর্তমান সরকার গণভোটের রায়ের প্রতি সম্মান দেখাচ্ছে না এবং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে।

তিনি বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একই সঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, সংসদ নির্বাচনে ৫০ শতাংশ ভোট পেয়ে বর্তমান সরকার বিজয়ী হয়, আর রাষ্ট্র মেরামতের গণভোটে ৭০ শতাংশ ভোট পড়ে। সংসদ নির্বাচন নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেকানিজমের অভিযোগ ও প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

মামুনুল হক বলেন, রাষ্ট্র মেরামতের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা ছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে ৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে সংস্কারের মাধ্যমে গণভোটের রায় কার্যকর করে রাষ্ট্র মেরামতের অভিপ্রায় বাস্তবায়নের কথা ছিল।

তিনি আরও বলেন, একই নির্বাচনী তফসিলে অনুষ্ঠিত সংসদ নির্বাচনকে অবৈধ বলা হলে সরকারও অবৈধ হয়ে যায়—এমন বক্তব্য তাঁরা দিয়েছেন।

দেশের পরিস্থিতি তুলে ধরে তিনি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারসহ গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার দাবি করেন। সরকার প্রশাসনে দলীয়করণ করেছে এবং দেশ সন্ত্রাস ও চাঁদাবাজিতে ছেয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

১১ দলীয় ঐক্যের আন্দোলন প্রসঙ্গে মামুনুল হক বলেন, গণভোটের রায় কার্যকর করার দাবিতে দক্ষিণাঞ্চলে লংমার্চ শুরু হয়েছে। এই আন্দোলনের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে সংবিধান সংস্কারের লক্ষ্য বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সমাবেশে ডা. শফিকুর রহমান, কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, মিয়া গোলাম পরওয়ার, মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, মুজিবুর রহমান মঞ্জু, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, মুফতি ফখরুল ইসলাম ও নুরুল ইসলাম সাদ্দামসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram