Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বাবুগঞ্জে ভুয়া চিকিৎসক ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা

বাবুগঞ্জে ভুয়া চিকিৎসক ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক: রোগী সেজে ভুয়া চিকিৎসকের চেম্বারে গিয়ে চিকিৎসাসেবা নেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বরিশালের বাবুগঞ্জে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এতে এক ভুয়া চিকিৎসক ও একটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টারকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার মাধবপাশা বাজার এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।

অভিযান-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মাধবপাশা বাজারে তাসলিমা আক্তার আন্নি নামে এক নারী এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়াই দীর্ঘদিন ধরে মা ও শিশুদের বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন। বিষয়টি যাচাই করতে এনএসআই সদস্যরা ছদ্মবেশে রোগী সেজে তার চেম্বারে যান। তার নিজস্ব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অর্থ আদায় করা হয়।

একই এলাকায় পল্লবী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান চালানো হয়। সেখানে প্রয়োজনীয় সনদ ও প্যাথলজিস্ট ছাড়াই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও প্রতিবেদন দেওয়ার পাশাপাশি পরীক্ষাগারে যথাযথ পরিবেশ না থাকার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. সাব্বির সরদারকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এনএসআই সদস্যরা দীর্ঘদিন ডায়াগনস্টিক সেন্টারটির কার্যক্রম পর্যবেক্ষণের পর উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করেন বলে জানা গেছে। অভিযানে এনএসআই সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরিশাল বিমানবন্দর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও আসমা উল হুসনা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তথ্য দিয়ে সবাইকে উপজেলা প্রশাসনের পাশে থাকার অনুরোধ করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram