অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোটকেন্দ্রে প্রবেশের আগে ও পরে উপস্থিত সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন মির্জা ফয়সল আমীন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ভোটগ্রহণ মাত্র শুরু হয়েছে এবং তিনি বড় জয় প্রত্যাশা করছেন। বিভিন্ন কেন্দ্র ঘুরে পরিস্থিতি দেখার কথাও জানান তিনি।
মির্জা ফয়সল আমীন বলেন, নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি মনে করছেন এবং কোনো শঙ্কা দেখছেন না। সব ভোটার শান্তিপূর্ণভাবে ভোট দেবেন বলেও মন্তব্য করেন তিনি। প্রশাসন কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানান বিএনপির এই প্রার্থী।
ভোটার উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, আবহাওয়া কিছুটা খারাপ হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি আশা করছেন।
ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ভোটকেন্দ্র ১৮৫টি। এর মধ্যে সদর উপজেলায় ১১৩টি, রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে বিএনপির জেলা সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন এবং জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হলে উপনির্বাচনের আয়োজন করা হয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয় পেয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

