অনলাইন ডেস্ক: দীর্ঘ প্রায় এক বছর নির্বাসিত জীবন কাটানোর পর নিজ দেশে ফিরে গেছেন ভেনেজুয়েলার নোবেলজয়ী রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো। বার্তাসংস্থা এপি সোমবার (২৬ অক্টোবর) জানিয়েছে, গত ডিসেম্বরের পর গত রোববার আবারও ভেনেজুয়েলায় দেখা গেছে তাকে।
গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পান মাচাদো। ওই সময় ভেনেজুয়েলা ছেড়ে সুইডেনে গিয়ে তিনি নিজ হাতে পুরস্কার গ্রহণ করেন।
নোবেল পাওয়ার আগে ভেনেজুয়েলার প্রধান বিরোধী দলের নেতা হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেন মাচাদো। পরে নিকোলাস মাদুরো সরকারের বিরোধিতার কারণে তিনি আত্মগোপনে চলে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ বছরের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ডেল্টা ফোর্স ভেনেজুয়েলায় প্রবেশ করে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে আসে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এরপর মাচাদো প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেন।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন না পাওয়ায় তিনি দেশের দায়িত্ব পাননি। ট্রাম্পকে সন্তুষ্ট করতে তিনি নিজের নোবেল পুরস্কার তাকে দিয়েছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে। পরে মাচাদোর পরিবর্তে মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দায়িত্ব দেন ট্রাম্প।
দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়া এখনো থমকে থাকা অবস্থায় মাচাদোর এই প্রত্যাবর্তন ঘটল। তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকার মাচাদোর হাতে ক্ষমতা দিতে আগ্রহী নয়; বরং ডেলসি রদ্রিগেজের মতো একজন অর্থনীতিবিদকে ক্ষমতায় রাখতে চায়।

