Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক, গোলটি আসলে কে করেছেন?

রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক, গোলটি আসলে কে করেছেন?

অনলাইন ডেস্ক: ১৬ বছর আগে ঘটে যাওয়া দৃশ্যেরই যেন পুনর্মঞ্চায়ন হলো সৌদি প্রো লিগে। ২০১০ সালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর নেওয়া একটি ফ্রি-কিক পেপের পিঠে বা কাঁধে লেগে জালে জড়িয়েছিল। আনুষ্ঠানিকভাবে গোলটি পেপের নামে নথিভুক্ত হলেও, রিয়াল ও পেপে সেটি রোনালদোর গোল হিসেবে দাবি করেন। তেমনই আরেকটি গোলে জড়াল রোনালদোর নাম।

শুক্রবার আল ফয়সালির বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছেন রোনালদো। তার দল আল নাসর জিতেছে ৩-১ গোলে। ম্যাচের ৪৯ মিনিটে স্বদেশি জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে আসা বলে হেড করে গোল করেন তিনি। গোলটি রোনালদোর পেশাদার ক্যারিয়ারের ৯৮২তম গোল হিসেবে বিবেচিত হচ্ছে। তবে গোলটি আদৌ তার কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ফেলিক্সের ফ্রি-কিকের পর বলে মাথা ছোঁয়াতে রোনালদো বেশ উঁচুতে লাফিয়ে হেড দেন। কিন্তু বলে তার মাথার স্পষ্ট স্পর্শ লেগেছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে নিশ্চিত হওয়া গেছে, বলটি আল ফয়সালির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে জালে ঢুকেছে। গোলের পর রোনালদো নিজের পরিচিত ভঙ্গিতে দৌড়ে গিয়ে উদযাপন করেন।

ফুটবলের পরিসংখ্যানবিষয়ক প্রতিষ্ঠান অপ্টার হিসাবে, এটি ফয়সালির ডিফেন্ডার জিরোত্তোর আত্মঘাতী গোল। প্রতিষ্ঠানটি গোলটি তার নামেই নথিভুক্ত করেছে। তবে সৌদি প্রো লিগ আনুষ্ঠানিকভাবে গোলটি রোনালদোর হিসেবে বিবেচনা করছে। অপ্টার ভিন্ন হিসাবের কারণে রোনালদোর গোলসংখ্যা নিয়ে বিতর্ক থাকছে।

৯৮২তম গোলটি হলে ১০০০ গোলের মাইলফলকে পৌঁছাতে রোনালদোর আরও ১৮টি গোল প্রয়োজন হবে। এদিকে, আলোচিত গোলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভক্তদের কেউ কেউ বলছেন, জিরোত্তোর গায়ে লাগার আগে বলটি রোনালদোর মাথায় মৃদুভাবে লেগেছিল; তাদের দাবি, পরের স্পর্শে শুধু বলের দিক পরিবর্তিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram