অনলাইন ডেস্ক: ব্যালন ডি’অর ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে, ততই রোমাঞ্চ বেড়ে চলেছে ফুটবলভক্তদের মনে। সংক্ষিপ্ত তালিকায় থাকা বেশ কয়েকজনকে নিয়ে জোর আলাপ উঠলেও, ভবিষ্যদ্বাণীভিত্তিক বাজারের হিসাবে সমীকরণ উল্টে গেছে। বেশিরভাগ হিসাবেই এগিয়ে রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। তার সঙ্গে মূল লড়াইটা চলছে বার্সেলোনার স্প্যানিশ প্রতিভা লামিনে ইয়ামালের।
বর্তমানে পুরুষদের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ৩৩ বছর বয়সী কেইনের সম্ভাবনা প্রায় দুই-তৃতীয়াংশ। ১৯ বছর বয়সী ইয়ামালের সম্ভাবনা ২৮ শতাংশ। বাকি সম্ভাবনা কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসির দিকে রয়েছে। তালিকা প্রকাশের পর থেকে সম্ভাবনার হিসাব কয়েকবার বদলেছে।
মৌসুমের পারফরম্যান্সে কেইন-এমবাপে এগিয়ে
গত মৌসুমে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার ‘টিম অব দ্য মান্থ’-এ সবচেয়ে বেশি জায়গা পেয়েছেন কেইন—৮ বার। এমবাপে ছিলেন ৫ বার। গোল ও অ্যাসিস্ট মিলিয়েও এগিয়ে কেইন। অপ্টার তথ্যমতে, ইউরোপীয় ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে কেইন ৬৪ গোলে অবদান রাখেন। এমবাপের অবদান ৬০ গোলে। ইয়ামালের অবদান ছিল ৩৮ গোলে।
‘অ্যাডজাস্টেড গোল এবং এক্সপেক্টেড অ্যাসিস্ট’ হিসাবেও কেইন ৫১.১৬ এবং এমবাপে ৫০.৮৬ নিয়ে শীর্ষে রয়েছেন। তবে শুধু গোল ও অ্যাসিস্ট নয়, আক্রমণ এগিয়ে নেওয়া, প্রতিপক্ষের রক্ষণ ভাঙা এবং দলের গোলের সম্ভাবনা বাড়ানোর মতো বিষয়ও বিবেচনায় আসতে পারে।
বিশ্বকাপের পারফরম্যান্সেও বদলেছে সমীকরণ
বিশ্বকাপ ফাইনালের আগে ব্যালন ডি’অরের দৌড়ে ফেভারিট ছিলেন সর্বোচ্চ আটবার পুরস্কারজয়ী মেসি। ফাইনালের পর কেইন এগিয়ে যান, যদিও তার দল ফাইনালে খেলেনি। বিশ্বকাপজয়ী ইয়ামাল ফাইনালে গোল বা অ্যাসিস্ট করতে পারেননি। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিতে তিনি চারটি শট নিলেও কোনোটি জালে জড়ায়নি।
২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বেশি পাঁচবার ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন রানার্সআপ আর্জেন্টিনার অধিনায়ক মেসি। জুড বেলিংহ্যাম পেয়েছেন চারবার। এমবাপে, আর্লিং হালান্ড ও ভিনিসিয়ুস জুনিয়র তিনবার করে এবং কেইন ও ইয়ামাল দুবার করে ম্যাচসেরা হয়েছেন।
ব্যালন ডি’অরের বিধিমালায় বিশ্বের সেরা পুরুষ ও নারী খেলোয়াড়কে পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে। তবে ভোটাভুটি, শিরোপা, ব্যক্তিগত পরিসংখ্যান ও দলের জন্য সামগ্রিক অবদান—সব মিলিয়ে বিজয়ী নির্ধারণের সমীকরণ জটিল হয়ে উঠেছে। ভবিষ্যদ্বাণীমূলক হিসাব অনুযায়ী কেইন এগিয়ে থাকলেও ইয়ামাল রয়েছেন তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী হিসেবে।

