Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

১০ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ

১০ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ

অনলাইন ডেস্ক: দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর অধিনায়কদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘অধিনায়ক সম্মেলন’.

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ ক্রীড়া আসরের আয়োজন করছে এবিজি স্পোর্টস সিটি।

সম্মেলনে অংশগ্রহণকারী ১০টি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দলের অধিনায়ক, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সেখানে টুর্নামেন্টের প্রস্তুতি, খেলার নিয়মাবলি ও সূচি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক জার্সি উন্মোচন এবং খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, ক্রিকেট ও ফুটবলে বিশ্ববিদ্যালয়গুলো পৃথক ক্যাটাগরিতে দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা বাড়ানো, পারস্পরিক সম্প্রীতি জোরদার এবং প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরা এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

চ্যাম্পিয়ন দলকে ১০ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫ লাখ টাকা প্রাইজমানি দেওয়া হবে। ক্রিকেট ও ফুটবলের জন্য পৃথকভাবে এ পুরস্কার দেওয়া হবে।

এবিজি স্পোর্টস সিটির চেয়ারম্যান সায়েম সোবহানের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টে প্রথমবারের মতো রাতের ফ্লাডলাইটের আলোয় ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

সম্মেলনে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান, অ্যাডভাইজার মো. লিয়াকত হোসেন ও মো. নজমুল আলম ভূঁইয়া, টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভীর উল ইসলাম এবং অপারেশনস ম্যানেজার (ফুটবল) সালমান হাসান ও অপারেশনস ম্যানেজার (ক্রিকেট) ইকরাম হোসেন রাফি উপস্থিত ছিলেন।

এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, আয়োজক ও অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের মতে, শিক্ষার্থীদের মধ্যে দলগত সম্প্রীতি গড়ে তোলা এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram