অনলাইন ডেস্ক: সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন, আর সবচেয়ে দুর্নীতিবাজরা নেতৃত্বে চলে আসেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, ইথিওপিয়ার তুলনায় বাংলাদেশ কোথায় চলে গেছে, তা দেখতে হবে। তাঁর দাবি, সবচেয়ে বড় দুর্নীতিবাজরা সমাজের বড় নেতা হয়ে উঠেছেন। সমাজব্যবস্থা এমন হয়ে গেছে যে ভালো ও সৎ লোকদের নির্বাচনে দাঁড়ানো এবং রাজনীতি করার সুযোগ নেই। তবে দেশ এমন থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্ত হওয়ার পর আগামী দিনে আল্লাহ বাংলাদেশের মানুষের ওপর দয়া করবেন এবং দেশে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের পতনের পর ‘আয়নাঘর’ ও টর্চারসেলের বিষয়ে জানা গেছে। সেখানে বহু মানুষকে আটকে নির্যাতন করা হয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, বিচারবহির্ভূতভাবে বহু মানুষকে হত্যা করা হয়েছে এবং প্রশাসন ও সামরিক বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
স্পিকার আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক নেতাদের ওপর নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর দাবি, আওয়ামী লীগ দলবলসহ হাজার হাজার কোটি টাকার সম্পদ বিদেশে রেখে দেশ ছেড়ে পালিয়েছে।
নিজের সততার উদাহরণ দিয়ে তিনি বলেন, কেউ জুলুম, জমি-ঘরবাড়ি দখল বা হয়রানির শিকার হলে স্থানীয় নেতাদের জানাতে হবে। নেতৃবৃন্দ এমন কাজে জড়িত হলে তাঁকে জানালে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করে সাধারণ সদস্য হিসেবে নিরপেক্ষভাবে সংসদ পরিচালনা করছেন বলেও জানান। তজুমদ্দিনে অপকর্ম, মাস্তানি ও চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। পরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন স্পিকার।

