Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

অনলাইন ডেস্ক: হলিউডের জনপ্রিয় তারকা টম ক্রুজ চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের মাধ্যমে বিশ্ব সিনেমার দর্শক মাতিয়ে রেখেছেন। অস্কারে মনোনয়ন পেলেও এখনো পুরস্কারটি জেতেননি তিনি। তবে গত বছর তাকে সম্মানসূচক অস্কারে ভূষিত করা হয়েছে। এবার আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন এই অভিনেতা।

৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য টম ক্রুজকে নির্বাচিত করা হয়েছে। চলচ্চিত্র জগতের অন্যতম সম্মানজনক স্বীকৃতি হিসেবে বিবেচিত এই পুরস্কার আগামী বছরের ২৪ এপ্রিল হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হবে।

এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ক্যাথলিন কেনেডি এক বিবৃতিতে টম ক্রুজকে বিশ্বজুড়ে পরিচিত একজন আইকন হিসেবে উল্লেখ করেন। অভিনেতা ও প্রযোজক হিসেবে নিজের প্রতিটি কাজের প্রতি তার অসাধারণ নিষ্ঠারও প্রশংসা করেন তিনি।

ক্যাথলিন কেনেডি বলেন, সিনেমা এবং এর মাধ্যমে মানুষকে একত্র করার শক্তির ওপর টম ক্রুজের প্রবল বিশ্বাস রয়েছে। সিনেমার প্রতি তার ভালোবাসা তাকে বিশ্বজুড়ে মার্কিন চলচ্চিত্রের একজন অসাধারণ দূত করে তুলেছে বলেও উল্লেখ করেন তিনি।

১৯৮১ সালে টম ক্রুজের অভিনয়জীবন শুরু হয়। তার অভিনীত সিনেমাগুলোর আয় ১৩ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ‘রিস্কি বিজনেস’, ‘টপ গান’, ‘মাইনরিটি রিপোর্ট’, ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’, ‘আ ফিউ গুড মেন’, ‘দ্য ফার্ম’ এবং ‘মিশন: ইমপসিবল’ সিরিজের সিনেমাগুলো তাকে আন্তর্জাতিক তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram