অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ওঠা ইতালিয়ান ক্লাব কোমোর কাছে ইতিহাসের স্মরণীয় হার দেখল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির যোগ্য উত্তরসূরী হওয়ার ইঙ্গিত দেওয়া নিকো পাজ জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেছেন। ফলে ইউনাইটেড বিধ্বস্ত হয়েছে ৪-১ ব্যবধানে।
কোমোর জিউসেপ্পে সিনিগালিয়া স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন পাজ। বক্সের বাইরে থেকে তার বাঁকানো শট ইউনাইটেডের গোলরক্ষক সেনে ল্যামেন্স ঠেকাতে পারেননি। শটের সামনে হ্যারি ম্যাগুয়ার থাকলেও তিনি বাধা দিতে পারেননি।
বিরতির চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে কোমো। পাজের পাস ধরে গোলরক্ষক ল্যামেন্সকে পরাস্ত করেন আনাস্তাসিওস দুভিকাস। চ্যাম্পিয়নস লিগে টানা তিন ম্যাচে এটি তার তৃতীয় গোল।
এরপর পাজের ব্যক্তিগত নৈপুণ্যে আরও পিছিয়ে পড়ে ইউনাইটেড। ডান দিকের টাচলাইনের কাছে কার্লোস বালেবার কাছ থেকে বল কেড়ে নিয়ে ৩০ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করে বাঁ পায়ের শটে গোল করেন আর্জেন্টাইন এই তরুণ।
৭৬ মিনিটে কোমোর চতুর্থ গোলটি করেন জ্যাকোবো রামোন। বদলি কাইকি ব্রুনোর ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন এই সেন্টারব্যাক। যোগ করা সময়ে আমাদ দিয়ালোর ক্রস থেকে ইউনাইটেডের হয়ে ব্যবধান কমান জশুয়া জির্কজি। তবে ম্যাচের ফলে কোনো পরিবর্তন আসেনি।
ইউনাইটেডের অনাকাঙ্ক্ষিত রেকর্ড
আর্জেন্টিনা জাতীয় দলে মেসির প্লেমেকারের জায়গা নেওয়ার সম্ভাব্য দাবিদার হিসেবে পাজ নিজেকে তুলে ধরছেন। ইউনাইটেডের বিপক্ষে তার পারফরম্যান্স সেই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে।
ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল হজম করে অনাকাঙ্ক্ষিত রেকর্ডেও নাম উঠেছে ইউনাইটেডের। গত সপ্তাহে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে প্রথম মিনিটেই গোল হজম করেছিল তারা। এবার কোমোর বিপক্ষেও দুই মিনিটের মধ্যে গোল খেয়েছে দলটি। ফলে টানা দুই ইউরোপীয় প্রতিযোগিতার ম্যাচে প্রথম দুই মিনিটের মধ্যে গোল হজম করা প্রথম ইংলিশ দল হয়েছে ইউনাইটেড।
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সর্বশেষ ১১টি অ্যাওয়ে ম্যাচে মাত্র একটিতে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে উঠেছে কোমো। ইউনাইটেড নেমে গেছে ২০তম স্থানে।

