Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি: রাশমিকা

শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি: রাশমিকা

অনলাইন ডেস্ক: দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি হোক বা বলিউড, রাশমিকা মান্দানার ব্যস্ততা ও সাফল্য সবখানেই। গত কয়েক বছরে বক্স অফিসে অন্যতম সফল অভিনেত্রী তিনি। কিন্তু তারপরও সমালোচনার কমতি নেই।

কখনো উচ্চারণ, কখনো অভিনয়ের দুর্বলতা নিয়ে নিন্দার মুখে পড়েছেন রাশমিকা। নেটিজেনদের একাংশ তাকে ‘জাতীয় ক্রাশ’ মনে করলেও অন্য একটি পক্ষ তাকে কটাক্ষ করে। এসব সমালোচনা নিয়ে সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে কথা বলেছেন ‘এনিম্যাল’ অভিনেত্রী। ওই পর্বে স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অতিথি হয়েছিলেন তিনি।

সমালোচনা প্রসঙ্গে রাশমিকা বলেন, সিনেমায় কাজ শুরুর পর থেকেই কোনো না কোনো কারণে তাকে নিন্দার শিকার হতে হচ্ছে। কখনো অভিনয়, কখনো ভাষা, আবার কখনো উচ্চারণ নিয়ে কথা হয়েছে। তবে নিজের জন্য কোনো সীমারেখা টানতে চাননি তিনি। একটি ইন্ডাস্ট্রি বা ভাষার মধ্যে সীমাবদ্ধ না থেকে সব ইন্ডাস্ট্রিতে কাজ এবং সব ভাষায় কথা বলার ইচ্ছার কথাও জানান অভিনেত্রী।

রাশমিকার ভাষ্য, ক্যারিয়ারের শুরু থেকেই তিনি নানা ধরনের সিনেমায় কাজ করেছেন। ‘এনিম্যাল’ ও ‘দ্য গার্লফ্রেন্ড’-এর মতো দুটি ভিন্নধর্মী সিনেমায় অভিনয় করতে পেরে একজন অভিনেত্রী হিসেবে তিনি তৃপ্ত। সব ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াই তার প্রত্যাশা ছিল বলে জানান তিনি।

রাশমিকার হিন্দি উচ্চারণ নিয়েও সমালোচনা রয়েছে। ‘থামা’, ‘ককটেল ২’ ও ‘সিকান্দার’ সিনেমায় তার উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, তার উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান থাকা স্বাভাবিক, কারণ তিনি দক্ষিণ ভারতের মানুষ। এর বিপরীত কিছু আশা করাই অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি।

১৬ অক্টোবর মুক্তি পেয়েছে রাশমিকার নতুন সিনেমা ‘রানাবালি’। তবে সিনেমাটি বক্স অফিসে সুবিধা করতে পারছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram