অনলাইন ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে পরপর দুই ম্যাচে বাজে হেরে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে ফাইনালে রেখে দেশে ফিরছে বাংলাদেশ। আফগানিস্তানের কাছে গতকাল ৭ উইকেটে হারের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের ব্যাটারদের ব্যর্থতার কথা জানান বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।
হৃদয়ের মতে, বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিট দুই ম্যাচেই খারাপ করেছে। এর প্রভাব পুরো দলের পারফরম্যান্সে পড়েছে বলেও জানান তিনি। তবে নির্দিষ্ট কোনো জায়গাকে দায়ী করতে চাননি এই ব্যাটার।
বাংলাদেশের পাইপলাইনে যথেষ্ট খেলোয়াড় রয়েছে দাবি করে হৃদয় বলেন, ব্যাটিং ইউনিটকে একসঙ্গে উন্নতি করতে হবে। দেশের মাটিতে দল ভালো খেললেও বিদেশের কন্ডিশনে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচেই এবং জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচে তিনটিতে হেরেছে বাংলাদেশ। এরপরও এক-দুই ম্যাচের ফল দিয়ে দল সম্পর্কে সিদ্ধান্তে যেতে চান না হৃদয়। তার দাবি, দল ভালো অবস্থায় আছে।
হৃদয় বলেন, দেশের মাটিতে ব্যাটাররা প্রতিটি ম্যাচেই ভালো করেছে। কিন্তু বিদেশে খেললে ব্যাটিংয়ে দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে এবং তাতে পুরো দলকে সংগ্রাম করতে হয়।
সমস্যাটি দক্ষতার চেয়ে মানসিকতায় বেশি বলে মনে করেন বাংলাদেশের এই ডানহাতি ব্যাটার। পেশাদার খেলোয়াড় হিসেবে বিদেশের কন্ডিশনে মানিয়ে নেওয়া জরুরি উল্লেখ করে তিনি জানান, অ্যাওয়ে ম্যাচে উন্নতির জন্য কাজ করতে হবে।

