অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে জয়ের আনন্দের মধ্যেও দুশ্চিন্তায় পিএসজি। হাঁটুর গুরুতর চোটে পড়েছেন দলটির জর্জিয়ান উইঙ্গার খভিচা কোয়ারাতসখেলিয়া। তার চোটটি অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার ব্যাপারে বিস্তারিত জানতে পরীক্ষা-নিরীক্ষার ফলের অপেক্ষায় আছে ফরাসি ক্লাবটি।
মঙ্গলবার রাতে পার্ক দে প্রিন্সেসে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পান কোয়ারাতসখেলিয়া। প্রতিপক্ষের রাইটব্যাক জাভি এসপার্টের সঙ্গে বল দখলের লড়াইয়ের সময় তার ডান হাঁটুতে আঘাত লাগে। ব্যথায় মাঠ ছাড়ার সময় সতীর্থ ও চিকিৎসাকর্মীদের সহায়তা নিতে হয় তাকে। তখন ঠিকভাবে পায়ে ভরও দিতে পারছিলেন না এই উইঙ্গার।
ফরাসি সংবাদমাধ্যম এল’ইকিপের বরাতে গোল জানিয়েছে, প্রাথমিক পরীক্ষার পর কোয়ারাতসখেলিয়ার শিবিরে এসিএল ছিঁড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার এমআরআই পরীক্ষার মাধ্যমে চোটের প্রকৃত অবস্থা জানা যেতে পারে। তবে এখনই এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে চাইছে না পিএসজির চিকিৎসক দল।
এসিএলের চোট নিশ্চিত হলে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে ২৫ বছর বয়সী এই ফুটবলারকে। এমনকি মৌসুমের বাকি অংশেও তাকে না পাওয়ার আশঙ্কা রয়েছে। সে ক্ষেত্রে কোচ লুইস এনরিকের আক্রমণভাগের পরিকল্পনায় বড় ধাক্কা লাগতে পারে।

