অনলাইন ডেস্ক: দেশের স্বার্থে কোথাও কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশকে বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ সম্প্রীতির দেশ; এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো বিভাজন নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার পরিচয় বাংলাদেশি। বিএনপির আদর্শও সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করা।
দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পূজা উদযাপনে তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছেন। পূজা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গতবারের তুলনায় এবার বরাদ্দ বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের দ্বারা দেশ থেকে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি আবার ষড়যন্ত্রের চেষ্টা করছে। তবে সবাই সজাগ ও ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে তিনি মন্তব্য করেন।
মাদক নির্মূলের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলকে মাদকমুক্ত করতে কাজ শুরু করা হবে। তাঁর দলের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
সভা শেষে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি, বড় কালীবাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। তাঁরা পূজার পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজ নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

