Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, রিসোর্টে আগুনের পর বাড়তি নজরদারি

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, রিসোর্টে আগুনের পর বাড়তি নজরদারি

অনলাইন ডেস্ক: সমুদ্রের ঢেউয়ে গা ভেজানো, সৈকতে হাঁটাহাঁটি আর প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় কাটানো—শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশে এমনই আনন্দের খোঁজে দেশের প্রধানতম ভ্রমণগন্তব্য কক্সবাজারে ছুটে আসছেন পর্যটকেরা।

বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর দিন সকাল থেকেই শহরের সুগন্ধা, লাবণী ও কলাতলী সমুদ্রসৈকত পয়েন্টে পর্যটকদের ভিড় দেখা গেছে। বিকেলে লাবণী পয়েন্টে দেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে, যা সন্ধ্যা পর্যন্ত চলবে।

পর্যটকদের কেউ পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন, কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ সমুদ্রের ঢেউয়ে আনন্দ করছেন। ঢাকা থেকে পরিবার নিয়ে প্রতিমা বিসর্জন দেখতে আসা নিতাই শর্মা বলেন, কক্সবাজার তাঁর পছন্দের জায়গা এবং এখানে দেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জন হয়। উৎসবের পাশাপাশি ঘোরাঘুরি করতেই তিনি পরিবার নিয়ে এসেছেন।

চট্টগ্রাম থেকে বন্ধুদের সঙ্গে আসা মামুন ইসলাম বলেন, কক্সবাজারে সমুদ্রের সামনে দাঁড়ালে অন্য রকম অনুভূতি হয়। সৈকতে ঘোরাঘুরি, ছবি তোলা ও ঢেউ দেখেই তাঁদের ছুটির সময় কাটছে।

সমুদ্রস্নান নিরাপদ করতে পর্যটকসমাগম হওয়া পয়েন্টগুলোতে সি-সেইফ লাইফগার্ডের সদস্যরা দায়িত্ব পালন করছেন। সি-সেইফের উদ্ধারকর্মী মো. সেলিম উদ্দীন পর্যটকদের সতর্ক থাকার এবং লাইফগার্ডদের নির্দেশনা মেনে নির্ধারিত এলাকায় গোসলের পরামর্শ দিয়েছেন।

পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের আশা, পাঁচ দিনের ছুটিতে কক্সবাজারে ৫ লাখের বেশি পর্যটক আসতে পারেন। এরই মধ্যে শহরের পাঁচ শতাধিক হোটেল, মোটেল ও কটেজের প্রায় ৯০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে।

কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ছুটিতে প্রতিদিন গড়ে লক্ষাধিক পর্যটক আসতে পারেন। শহরের অধিকাংশ হোটেল-মোটেল পর্যটকে পরিপূর্ণ হওয়ায় সেবায় ঘাটতি না রাখতে সমিতির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন পর্যটক মারা যাওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন সতর্কতা ও বাড়তি নজরদারি জোরদার করেছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অহিদুর রহমান জানান, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সমুদ্রসৈকতসহ জেলার বিভিন্ন পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশের দল দায়িত্ব পালন করছে। গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটনশিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা প্রশাসনের অগ্রাধিকার। পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া বা হয়রানি এবং আবাসন ব্যবস্থাপনায় কোনো অনিয়ম হচ্ছে কি না, তা নজরদারিতে রাখা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram