Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

গুগল ক্লাউডে বিভ্রাট, যুক্তরাজ্যে ব্যাংকসহ বিভিন্ন সেবা ব্যাহত

গুগল ক্লাউডে বিভ্রাট, যুক্তরাজ্যে ব্যাংকসহ বিভিন্ন সেবা ব্যাহত

অনলাইন ডেস্ক: গুগল ক্লাউডের সেবায় বিভ্রাটের কারণে যুক্তরাজ্যে কয়েক ঘণ্টা ধরে বিভিন্ন ব্যাংক, সরকারি ওয়েবসাইট ও অনলাইন সেবা ব্যবহারে সমস্যা হয়েছে। মঙ্গলবার গুগল জানিয়েছে, তাদের ক্লাউড পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়েছে। বিদ্যুৎ-সংক্রান্ত একটি ঘটনার কারণে এ বিভ্রাট দেখা দিয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল ব্যাংক রেভলুটসহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের সেবায় এ বিভ্রাটের প্রভাব পড়ে। ব্যাংক লয়েডস ও এইচএসবিসি, বাড়ি কেনাবেচার ওয়েবসাইট রাইটমুভ, পার্সেল সরবরাহকারী প্রতিষ্ঠান ডিপিডি, জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস ইংল্যান্ড এবং ডাকসেবা রয়্যাল মেইলও সমস্যার কথা জানিয়েছে।

রেভলুট জানিয়েছে, বিভ্রাটের কারণে তাদের কয়েকটি সেবা ব্যাহত হয়। এর মধ্যে কার্ডে অর্থ পরিশোধ এবং এটিএম থেকে টাকা তোলার সুবিধাও ছিল। তবে গ্রাহকদের অর্থ ও তথ্য নিরাপদ রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগলের ভাষ্য অনুযায়ী, ইউরোপ-ওয়েস্ট২ ক্লাউড অঞ্চলে বিদ্যুৎ-সংক্রান্ত ঘটনার পর প্রকৌশলীরা কাজ করে সেবা পুরোপুরি সচল করেছেন। লন্ডনভিত্তিক এ অঞ্চলে একাধিক ডেটা সেন্টার ও অবকাঠামো রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ওয়েবসাইট, অ্যাপ ও অনলাইন সেবা পরিচালনায় গুগলের এই ক্লাউড অবকাঠামো ব্যবহার করে।

ঘটনাটি আর্থিক খাতের প্রযুক্তি অবকাঠামোনির্ভরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ব্যাংকসহ গুরুত্বপূর্ণ সেবা পরিচালনায় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্লাউড ব্যবস্থার ওপর নির্ভরতা বাড়ছে। ফলে কোনো একটি প্রতিষ্ঠানের সেবা বন্ধ হলে একসঙ্গে অনেক প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

এ পরিস্থিতিতে যুক্তরাজ্য গত জুলাইয়ে গুগল ক্লাউড, মাইক্রোসফট, অ্যামাজন ওয়েব সার্ভিসেস ও ওরাকলকে আর্থিক খাতের গুরুত্বপূর্ণ তৃতীয় পক্ষের সেবাদাতা হিসেবে সরাসরি নিয়ন্ত্রক তদারকির আওতায় আনে। ইউরোপীয় ইউনিয়নও গত বছর গুগল ক্লাউডসহ ১৯টি প্রযুক্তি প্রতিষ্ঠানকে আর্থিক খাতের জন্য গুরুত্বপূর্ণ ক্লাউড ও কম্পিউটিং সেবাদাতা হিসেবে চিহ্নিত করে।

যুক্তরাজ্যের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা ফিন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি জানিয়েছে, তারা গুগল ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করে বিভ্রাটের প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram