অনলাইন ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে জানিয়েছেন—কেউ মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনো কাজ করলে, তিনি যত কাছের মানুষই হোন না কেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। তিনি ইতিমধ্যে এর প্রমাণ দিয়েছেন বলেও জানান আইনমন্ত্রী।
মো. আসাদুজ্জামান বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। বিষয়টি সবার মনে রাখা উচিত।
এর আগে সকালে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

