Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

অসময়ে তরমুজ চাষে নতুন সম্ভাবনা, লাভের স্বপ্ন দেখছেন কৃষক

অসময়ে তরমুজ চাষে নতুন সম্ভাবনা, লাভের স্বপ্ন দেখছেন কৃষক

অনলাইন ডেস্ক: দূর থেকে দেখলে মনে হবে, মাচায় ঝুলছে লাউ-কুমড়া। কিন্তু কাছে গেলেই দেখা মিলবে ভিন্ন চিত্র। মাচায় জাল দিয়ে তৈরি ব্যাগে ঝুলছে হলুদ, সবুজ ও ডোরাকাটা রসালো তরমুজ। সারি সারি মাচায় ঝুলে থাকা বাহারি রঙের এসব তরমুজ দেখতে ভিড় করছেন স্থানীয় লোকজন। প্রচলিত ফসলের বাইরে নতুন এই চাষে সম্ভাবনা দেখছেন এলাকার কৃষকেরাও।

ভিডিও দেখে আগ্রহ তৈরি হওয়ায় প্রথমবারের মতো অসময়ে তরমুজ চাষ করেছেন নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের পূর্ব ডাঙাপাড়া এলাকার কৃষক ওমর আলী। ৩ বিঘা জমিতে ‘কিং সুগার’ ও ‘সূর্য ডিম’ জাতের মোট ৬ হাজার চারা রোপণ করেছেন তিনি। গাছজুড়ে ফল বাড়ছে। সবকিছু ঠিক থাকলে তরমুজ বিক্রি করে খরচ বাদে প্রায় ৬ লাখ টাকা লাভের আশা করছেন তিনি।

জমিতে বাঁশের খুঁটি, জিআই তার ও মোটা নেট দিয়ে মাচা তৈরি করা হয়েছে। সবুজ পাতার ফাঁকে ঝুলছে নানা আকারের হলুদ, কালচে সবুজ ও ডোরাকাটা তরমুজ। প্রতিটি ফল জাল দিয়ে তৈরি ব্যাগে রাখা হয়েছে, যাতে মাচায় ঝুলে থাকতে পারে।

ওমর আলী বলেন, আগে তিনি শসা চাষ করতেন। ভিডিওতে নতুন জাতের তরমুজ চাষ দেখে আগ্রহী হয়ে ঢাকার একটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে চারা সংগ্রহ করেন। দুই বিঘায় কিং সুগার এবং এক বিঘায় সূর্য ডিম জাতের তরমুজ চাষ করেছেন তিনি।

কৃষকের ভাষ্য, গাছের বয়স বর্তমানে ৬০ দিন এবং ৭০ দিনের মধ্যে তরমুজ সংগ্রহের আশা করছেন। ৩ বিঘা জমিতে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। প্রতিটি তরমুজের গড় ওজন ৩ কেজি হলে মোট ১৮ হাজার কেজি উৎপাদন হতে পারে। প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি করতে পারলে প্রায় ৯ লাখ টাকার তরমুজ বিক্রি হবে বলে আশা করছেন তিনি।

স্থানীয় কৃষক জগদীশ রায় বলেন, এভাবে মাচায় তরমুজ চাষ আগে দেখা যায়নি। ক্ষেতের অবস্থা ও ফলন দেখে অন্য কৃষকদেরও আগ্রহ তৈরি হয়েছে।

নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হোমায়রা মন্ডল বলেন, অসময়ে চাষ হওয়ায় বর্তমানে বাজারে এ তরমুজের চাহিদা রয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত হওয়ায় কৃষক ভালো দামে বিক্রি করতে পারবেন বলে তিনি জানান। খেত পরিদর্শন করে কৃষককে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram