অনলাইন ডেস্ক: চট্টগ্রাম কাস্টম হাউসে সন্দেহজনক আমদানি চালান হিসেবে চিহ্নিত করে কায়িক পরীক্ষার জন্য লক করা একটি কনটেইনার জালিয়াতির মাধ্যমে বন্দর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, কাস্টমসের মূল সিল ভেঙে ভুয়া সিল লাগানোর পাশাপাশি বদলি হয়ে যাওয়া একাধিক কর্মকর্তার স্বাক্ষর জাল করে কনটেইনারটি বের করার চেষ্টা করা হয়।
এ ঘটনায় পুরান ঢাকার চকবাজারের আমদানিকারক প্রতিষ্ঠান কাফ করপোরেশন ও তাদের নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে।
এনবিআর জানায়, গত ১৯ সেপ্টেম্বর জালিয়াতির বিষয়টি ধরা পড়ার পর কনটেইনারটি নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। পরে চালানটির বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। নির্ধারিত কায়িক পরীক্ষার আগেই বিল অব লেডিংয়ে থাকা কাস্টমসের মূল সিল ভেঙে অন্য একটি ভুয়া সিল লাগিয়ে কনটেইনারটি সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল।
তদন্ত কমিটি গঠন
চট্টগ্রাম কাস্টম হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ঘটনাটিকে আমদানি কার্যক্রমে বিরল জালিয়াতির ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে কমিটি কাজ করছে এবং দ্রুত এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ওই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পণ্যটি চীন থেকে এসেছে। জালিয়াতির সঙ্গে রপ্তানিকারক, আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট কিংবা বন্দর বা কাস্টমসের ভেতরের কোনো চক্র জড়িত থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারা জড়িত, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তিনি জানান, আমদানি করা পণ্যবাহী প্রতিটি কনটেইনারের জন্য কাস্টমসের নির্দিষ্ট ইউনিক লক নম্বর থাকে। বিল অব লেডিংয়ের তথ্যের সঙ্গে ওই নম্বর মিলিয়ে কনটেইনারের পরিচয় নিশ্চিত করা হয়। কায়িক পরীক্ষার সময় অসংগতি ধরা পড়ায় জালিয়াতির বিষয়টি সামনে আসে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং কাস্টমসের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে কীভাবে কনটেইনারটি সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন।

