অনলাইন ডেস্ক: লামিন ইয়ামাল কতটি গোল করলেন, কয়টি গোল বানিয়ে দিলেন, সেই হিসাব ছাপিয়ে এখন কৌতূহল জাগে প্রতিপক্ষের রক্ষণভাগকে তিনি কীভাবে নাচিয়েছেন তা নিয়ে। গতকাল রিয়াল বেতিসের বিপক্ষে অবিশ্বাস্য সব আক্রমণে মুগ্ধতা ছড়িয়েছেন বার্সেলোনার এই কিশোর। কোচ হান্সি ফ্লিক দাবি করেছেন, এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়।
রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। লা লিগায় টানা নয় ম্যাচ জিতে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড ছুঁয়েছে দলটি। ম্যাচে প্রথম গোল করেন ইয়ামাল এবং তৃতীয় গোলে অ্যাসিস্ট করে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। পুরো ম্যাচে ডানপ্রান্ত দিয়ে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
প্রথম গোলটিতে কয়েকজন প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বক্সের প্রান্ত থেকে উঁচু শটে বল জালে পাঠান ইয়ামাল। ম্যাচের পর সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, “তার করা প্রথম গোলই দেখুন, এটা অসাধারণ। ঠিক এখন সে বিশ্বের সেরা খেলোয়াড়।”
বায়ার্ন মিউনিখ ও জার্মান জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা থেকে অনেক বিশ্বমানের প্রতিভাকে দেখেছেন ফ্লিক। সেই অভিজ্ঞতার আলোকে ইয়ামালকে অন্যদের চেয়ে এগিয়ে রাখছেন তিনি।
ফ্লিক বলেন, ইয়ামালের পারফরম্যান্সে তিনি খুব খুশি। ১৯ বছর বয়সে প্রতিটি ম্যাচে খেলার কারণে তার ওপর চাপ থাকলেও ইয়ামাল শতভাগ মনোযোগী ও প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন বার্সেলোনা কোচ।
ইয়ামালকে নিয়ে গর্ববোধ করার কথাও জানিয়েছেন ফ্লিক। তার ভাষ্য, ইয়ামাল দুর্দান্ত খেলেছেন।
টানা নয় জয়ে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। নয় পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরবর্তী লিগ ম্যাচ খেলবে তারা। এর আগে চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইর মুখোমুখি হবে কাতালান দলটি।

