অনলাইন ডেস্ক: সাভারের আশুলিয়ায় ডেকো গ্রুপের আগামী অ্যাপারেলস লিমিটেড কারখানায় কর্মরত অবস্থায় সুমি আক্তার ওরফে মিসু (২৭) নামে এক নারী পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবারের অভিযোগ, মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে হাসপাতাল থেকে মরদেহ সরিয়ে নেওয়ার চেষ্টা করে কারখানা কর্তৃপক্ষ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে কারখানার ভেতরে অসুস্থ হয়ে পড়লে সুমিকে চিকিৎসার জন্য আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুমি আক্তার রংপুরের ডিমলা উপজেলার খোকারহাট এলাকার বজলার মিয়ার মেয়ে। তিনি স্বামী সাজ্জাদ ও দুই ছেলেকে নিয়ে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার সালামের বাড়িতে ভাড়া থাকতেন। আগামী অ্যাপারেলস লিমিটেডে তিনি সুইং অপারেটর হিসেবে কাজ করতেন।
সুমির স্বামী সাজ্জাদ জানান, শুক্রবার বিকেলে কাজ করার সময় তার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানার এক সহকর্মী ফোন করে বিষয়টি জানালে স্বজনেরা কারখানার ফটকে যান। তবে কর্তৃপক্ষ শুধু সাজ্জাদকে ভেতরে প্রবেশের অনুমতি দেয় বলে জানান তিনি।
সাজ্জাদের অভিযোগ, কারখানার ভেতরে গিয়ে তিনি কয়েকজনকে সুমির হাত-পা চেপে ধরে রাখতে দেখেন। তখন তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। পরে কারখানার একটি গাড়িতে করে সুমিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাজ্জাদের আরও অভিযোগ, কাউকে না জানিয়ে কারখানা কর্তৃপক্ষ দ্রুত হাসপাতাল থেকে মরদেহ সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তার দাবি, কারখানার ভেতরেই সুমির মৃত্যু হয়েছে।
আগামী অ্যাপারেলস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা সুমন জানান, মরদেহ হস্তান্তর নিয়ে স্বজন ও সহকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

