অনলাইন ডেস্ক: নরসিংদীর পলাশে পৃথক ঘটনায় শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও এবং ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া-কান্দাপাড়া ও কামতাল গ্রামে এসব ঘটনা ঘটে।
আহতরা হলেন মো. সাইফুল্লাহ (৪০), হেলেনা বেগম (৪৫), হাফিজা বেগম (৬০), খালেক মিয়া (৪০), মো. আল আমিন (৪০), তাসলিমা বেগম (৪৮), আনোয়ারা বেগম (৪৫), শাহিদা বেগম (৪৩), আবদুস সাত্তার (৬৫) ও সালেহা বেগম (৪৫)। তাঁরা ঘোড়াশাল পৌর এলাকা ও ডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা। আহতরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত ব্যক্তিদের ভাষ্য, ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত আটিয়াগাঁও, খিলপাড়া ও কামতাল এলাকায় কয়েকটি শিয়াল একের পর এক মানুষকে কামড়ায়। মোট কয়টি শিয়াল ছিল, তা কেউ জানাতে পারেননি। ভোরে কেউ মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় এবং সকালে কেউ বাড়ির আঙিনা বা আশপাশে কাজ করার সময় আক্রান্ত হন।
আহত মো. আল আমিন জানান, ফজরের নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে বের হলে পথে একটি শিয়াল তাঁর পায়ে কামড় দেয়। পরে তিনি নরসিংদী সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা ও টিকা নেন।
আটিয়াগাঁওয়ের বাসিন্দা এইচ এম কাউসার হোসেন বলেন, দুপুরে আটিয়াগাঁও গ্রামের খালেক মিয়া ও আরও দুই নারীকে একটি শিয়াল কামড় দেয়। স্থানীয় লোকজন শিয়ালটিকে ধাওয়া করে একটি বাড়ির পাশের গর্তে ফেলে হত্যা করেন বলে তিনি জানান।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপাশা মাসুক বলেন, শিয়ালের কামড়ে আহত ১০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের র্যাবিস ভ্যাকসিন কেন্দ্র থেকে প্রত্যেককে টিকা দেওয়া হয়েছে এবং তাঁরা বাড়ি ফিরেছেন।

