অনলাইন ডেস্ক: বগুড়ার সোনাতলায় শিশু ইউসুফকে (৫) শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার মা রিনি খাতুন। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রিনিকে গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত ইউসুফ বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট এলাকার বাসিন্দা উজ্জ্বল ইসলামের সৎ ছেলে। গত সোমবার থেকে নিখোঁজ থাকার পর বুধবার দুপুরে উপজেলার বড় বালুয়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দেড় বছর আগে ইউসুফের বাবা পলাশ ও মা রিনির বিবাহবিচ্ছেদ হয়। পরে রিনি বাসচালক উজ্জ্বলকে বিয়ে করেন। এরপর ইউসুফকে নিয়ে তারা সোনাতলার বালুয়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। শিশুটি নিখোঁজ হওয়ার পর উজ্জ্বল সোনাতলা থানায় সাধারণ ডায়েরি করেন। এর পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সোনাতলা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, প্রাথমিক তদন্তে ইউসুফ হত্যায় রিনির সম্পৃক্ততা পাওয়া যায়। গ্রেপ্তারের পর তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আদালতের জবানবন্দিতে শিশুটিকে শ্বাসরোধে হত্যার কথা বলেন।
তদন্ত কর্মকর্তা জানান, কী কারণে এবং কীভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে, তা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা হচ্ছে না। জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

