Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ক্যারিবীয় বোর্ডের সিইওর দাবি, দ্বিপাক্ষিক সিরিজের আয় থেকে ওয়েস্ট ইন্ডিজ কিছুই পায় না

ক্যারিবীয় বোর্ডের সিইওর দাবি, দ্বিপাক্ষিক সিরিজের আয় থেকে ওয়েস্ট ইন্ডিজ কিছুই পায় না

অনলাইন ডেস্ক: আগে দ্বিপাক্ষিক সিরিজে সফরকারী দলকে আয়ের একটি নির্দিষ্ট অংশ দিতে হতো স্বাগতিক দেশকে। ১৯৯৭ সালে ১০টি আইসিসি সদস্যদেশের মধ্যে ৯টি নতুন একটি মডেলের পক্ষে ভোট দেয়। এতে দ্বিপাক্ষিক সিরিজের সম্প্রচার স্বত্ব থেকে পাওয়া পুরো আয় স্বাগতিক দেশ নিজেদের কাছে রাখার অধিকার পায়। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) নির্বাহী প্রধান (সিইও) ক্রিস ডেরিংয়ের মন্তব্য, এই সিদ্ধান্ত থেকেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পতনের পথ তৈরি হয়।

‘দ্য স্কুপ’ অনুষ্ঠানে অঞ্জলি দোশিকে দেওয়া সাক্ষাৎকারে ডেরিং বলেন, চলমান সিরিজটি ভারতে হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সেখান থেকে কোনো আয় পাচ্ছে না। তাঁর দাবি, ভারতে অনুষ্ঠিত সিরিজটি থেকে দুই-তিন কোটি ডলার আয় হতে পারে।

১৯৯৭ সালের অর্থনৈতিক মডেল পরিবর্তনের সিদ্ধান্তের সময় ডেরিং উপস্থিত ছিলেন। তিনি জানান, ওই প্রস্তাবের বিরোধিতা করা একমাত্র ব্যক্তি ছিলেন তিনি। তাঁর ভাষ্য, তখন ওয়েস্ট ইন্ডিজ ছিল জনপ্রিয় ও আকর্ষণীয় দল এবং বিভিন্ন দেশ চাইত তারা সফরে যাক। সে সময় পাওয়া ট্যুর ফি অনেক ক্ষেত্রে ক্যারিবিয়ান দ্বীপগুলোতে সিরিজ আয়োজন করে সম্ভাব্য আয়ের চেয়ে বেশি ছিল।

ডেরিং বলেন, নতুন নিয়মে ১৫০ কোটি জনসংখ্যার দেশে সিরিজ থেকে অর্জিত পুরো আয় ভারত নিজেদের কাছে রাখতে পারে। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজকে অ্যান্টিগার প্রায় ১ লাখ কিংবা সেন্ট কিটসের প্রায় ৩০ হাজার জনসংখ্যার বাজার থেকে পাওয়া আয়ের ওপর নির্ভর করতে হয়।

আর্থিক সংকটে ক্যারিবীয় ক্রিকেট

আর্থিক সংকটের কারণে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটারদের পারিশ্রমিক আগের চেয়ে ২৫ শতাংশ কমিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির মেয়াদও এক বছর থেকে কমিয়ে সাত মাস করা হয়েছে। জাতীয় দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক ম্যাচের বদলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। ফলে গুরুত্বপূর্ণ সিরিজে তারকা ক্রিকেটারদের না পাওয়ার ঘটনাও দেখা গেছে।

চলমান টি-টোয়েন্টি সিরিজে ভারতের সঙ্গে ২-২ সমতায় রয়েছে ক্যারিবীয়রা। শনিবার পঞ্চম ও শেষ ম্যাচে সিরিজের নিষ্পত্তি হবে।

ডেরিংয়ের দাবি, বিদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ থেকে আয়ের বণ্টন ছিল স্পষ্টতই অন্যায্য। তাঁর ভাষ্য, আইসিসির সদস্যদেশগুলোর ভোটে ওয়েস্ট ইন্ডিজ ৯-১ ব্যবধানে হেরেছিল এবং ওই সিদ্ধান্ত তাদের আয়ের প্রধান উৎস কেড়ে নিয়ে পতনের পথ তৈরি করে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram