Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ফের প্রেমের জল্পনা উসকে দিলেন ‘সাইয়ারা’ জুটি

ফের প্রেমের জল্পনা উসকে দিলেন ‘সাইয়ারা’ জুটি

অনলাইন ডেস্ক: তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। পর্দায় রসায়ন জমে উঠলে বাস্তব জীবনেও তাদের জুটি হিসেবে দেখতে চান অনুরাগীরা। বলিউডের আলোচিত জুটি অনীত পাড্ডা ও আহান পাণ্ডেকে ঘিরেও চলছে তেমনই জল্পনা। এবার অনীতের জন্মদিনে আহানের আবেগঘন শুভেচ্ছাবার্তা সেই পুরোনো জল্পনার পালে নতুন করে হাওয়া দিয়েছে।

গত ১৩ অক্টোবর ২৪ বছরে পা দিয়েছেন ‘সাইয়ারা’খ্যাত অভিনেত্রী অনীত। ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনদের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করেন তিনি। এর এক দিন আগে সামাজিক মাধ্যমে অনীতকে নিয়ে বেশ কিছু মুহূর্তের ছবি প্রকাশ করেন আহান। ছবিগুলোর মধ্যে তাদের একসঙ্গে কাটানো সময়ের দৃশ্যও ছিল।

ছবির সঙ্গে অনীতকে উদ্দেশ করে আহান লেখেন, ‘অনীত, তুমি এই মহাবিশ্বের এক উপহার, আর তুমি যা কিছু ছুঁয়ে দাও, তা-ই তারার ধুলোর মতো ঝলমল করে ওঠে। আমি আশা করি, মহাবিশ্ব সব সময় তোমার প্রতি ততটাই কোমল থাকবে, যতটা তুমি তার প্রতি। আর কখনো ভুলে যেয়ো না, তুমি চারপাশে কতটা আলো ছড়িয়ে দাও। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন।’

আহানের এই বার্তা অনুরাগীদের নজর কাড়ে। বার্তার ভাষা ও আবেগকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়। আহানের পোস্টের জবাবে অনীত লেখেন, ‘তুমি পুরো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। ধন্যবাদ, আমার আহান।’

তাদের কথোপকথনের আন্তরিকতা ও ঘনিষ্ঠতা দেখে নেটিজেনদের একাংশের ধারণা, পর্দার বাইরেও দুজনের সম্পর্ক গভীর। কেউ কেউ প্রশ্ন তুলছেন, এটি শুধু বন্ধুত্বের প্রকাশ, নাকি এর পেছনে রয়েছে আরও বিশেষ কোনো অনুভূতি।

‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই অনীত ও আহানকে ঘিরে প্রেমের গুঞ্জন রয়েছে। সিনেমায় তাদের রসায়ন দর্শকের প্রশংসা পাওয়ার পর বাস্তব জীবনেও বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে দুজনকে। তবে সম্পর্ক নিয়ে তাদের কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। ফলে প্রেমের এই আলোচনা এখনো অনুরাগীদের অনুমানেই সীমাবদ্ধ।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram