Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

অনলাইন ডেস্ক: রূপালী পর্দার গ্ল্যামার ছেড়ে হঠাৎ করেই খবরের শিরোনামে বলিউড অভিনেতা ইমরান খান। সুপারস্টার আমির খানের এই ভাগ্নেকে ঘিরে এখন বিনোদন দুনিয়ায় ও রাজনৈতিক মহলে বইছে আলোচনার ঝড়। মুম্বাইয়ের রাজপথে একটি রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় বড় ধরনের আইনি ঝামেলার মুখে পড়েছেন এই তারকা। অভিবাসন দপ্তরের কড়া নোটিশে আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত ১০ অক্টোবর। মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেন ইমরান খান। ভারতীয় বংশোদ্ভূত হলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই অভিনেতার নাগরিকত্ব আমেরিকান। তিনি ভারতে আমেরিকান পাসপোর্ট ও ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডের মাধ্যমে বসবাস করেন।

বিক্ষোভের দিন মুম্বাই পুলিশ তাকে অল্প সময়ের জন্য আটক করে। পরে পুলিশ ভ্যানে বসে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন ইমরান। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘আপাতত ড্রাইভে যাচ্ছি!’

এরপর ভারতীয় জনতা পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য কিরিট সোমাইয়া পুলিশের কাছে অভিযোগ করেন। তার দাবি, বিদেশি নাগরিক ও ওসিআই কার্ডধারী হিসেবে ভারতে রাজনৈতিক কর্মসূচি বা বিক্ষোভে অংশ নেওয়ার আইনি অধিকার ইমরানের নেই।

পরবর্তী সময়ে অভিবাসন ও বিদেশি নাগরিক আইন অনুযায়ী ইমরানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়।

বিষয়টি নিয়ে ইমরান খান জানান, কোনো বিশেষ দাবি নিয়ে নয়; সাধারণ নাগরিক ও শহরের একজন বাসিন্দা হিসেবেই তিনি বিক্ষোভস্থলে গিয়েছিলেন। তবে কিরিট সোমাইয়া, যিনি ইমরানের সমালোচক হিসেবে পরিচিত, এই অংশগ্রহণকে ‘রাজনৈতিক উগ্রবাদ’ হিসেবে উল্লেখ করে তার কঠোর শাস্তি ও দ্রুত বহিষ্কারের দাবি জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram