Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

১০ জনের বায়ার্নকে হতাশ করে ড্র করল ভাইকিং

১০ জনের বায়ার্নকে হতাশ করে ড্র করল ভাইকিং

অনলাইন ডেস্ক: ম্যাচের শেষ বাঁশি বাজার অপেক্ষা, বায়ার্ন মিউনিখের জয় তখন প্রায় নিশ্চিত মনে হচ্ছিল। ২ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে গিয়েছিল জার্মান জায়ান্টরা। কিন্তু মাইকেল অলিসের লাল কার্ডে বদলে যায় দৃশ্যপট। শেষ মুহূর্তে গোল করে বায়ার্নের জয় ছিনিয়ে নিল নরওয়ের ক্লাব ভাইকিং। চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি শেষ হয় ৩-৩ সমতায়।

মঙ্গলবার ভাইকিংয়ের মাঠে শুরুটা ছিল স্বাগতিকদের দাপটে। ম্যাচের মাত্র ৭২ সেকেন্ডে কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন গিয়ানি স্টেননেস। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিটার ক্রিশ্চিয়ানসেন। দুই গোল হজম করে বিরতিতে যায় বায়ার্ন।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বায়ার্ন। বিরতির পর বক্সে কনরাড লাইমার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। স্পটকিক থেকে ব্যবধান কমান হ্যারি কেইন। ৬০ মিনিটে জশুয়া কিমিখের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করে বায়ার্নকে সমতায় ফেরান ইংলিশ অধিনায়ক।

এরপরও আক্রমণ চালিয়ে যায় বায়ার্ন। কেইনের চিপ থেকে তৈরি আক্রমণে লুইস দিয়াজ গোল করলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় দলটি।

শেষ দিকে ফাউলের জন্য হলুদ কার্ড দেখার পর ভাইকিং অধিনায়ক জ্লাতকো ত্রিপিচের মুখের দিকে বল ছুড়ে মারেন অলিস। রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। ফলে শেষ ১৬ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় বায়ার্নকে।

এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের শেষ মিনিটে গোল করেন হারমান হাউগেন। তার গোলে সমতায় ফেরে ভাইকিং এবং ৩-৩ ড্র নিয়ে মাঠ ছাড়ে নরওয়ের চ্যাম্পিয়নরা।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram