অনলাইন ডেস্ক: নওগাঁ সদর উপজেলা থেকে অন্য জেলায় নেওয়ার সময় ১২০ বস্তা ডিএপি সারবোঝাই দুটি গাড়ি আটক করেছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে দুবলহাটি-হাপানিয়া সড়কে এ ঘটনা ঘটে। জব্দ করা সার দুবলহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, নওগাঁ সদর উপজেলার দুবলহাটি বিসিআইসি ডিলার পয়েন্ট মেসার্স মোল্লা ট্রেডার্সের মালিক ওয়াসেফ আলী মোল্লার গুদাম থেকে দুটি নসিমন-ভটভটিতে ১২০ বস্তা ডিএপি সার তোলা হয়। পরে গাড়ি দুটি রাজশাহীর উদ্দেশে রওনা হলে হাপানিয়া সড়কের মুখে স্থানীয়দের সন্দেহ হয়। চালকদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রথমে অসংলগ্ন কথা বলেন। পরে স্থানীয়দের জেরার মুখে সারগুলো রাজশাহীতে নেওয়া হচ্ছিল বলে স্বীকার করেন বলে জানান স্থানীয়রা।
খবর পেয়ে মেসার্স মোল্লা ট্রেডার্সের ম্যানেজার মামুন ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ এলাকাবাসীর মুখোমুখি হন। পুলিশ ও প্রশাসনের সদস্যরা আসছেন জানতে পেরে তিনি সরে যান।
ঘটনাস্থল ছাড়ার আগে মামুন দাবি করেন, প্রতিষ্ঠানের মালিক ওয়াসেফ আলী মোল্লার নির্দেশে তিনি সারের মেমো কেটে গাড়ি দুটি ছেড়ে দিয়েছিলেন। তবে সার কার কাছে বিক্রি করা হয়েছিল বা গন্তব্য কোথায় ছিল, তা তিনি জানেন না বলে দাবি করেন।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল আমিন বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কৃষি কর্মকর্তা ও পুলিশকে সঙ্গে নিয়ে রাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে ৬০ বস্তা করে মোট ১২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। ডিলার বা তাঁর প্রতিনিধি উপস্থিত না থাকায় আইনগত প্রক্রিয়ায় সারগুলো দুবলহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে।
ইউএনও বলেন, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে দুবলহাটি ইউনিয়নের প্রকৃত কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

